ডা. আব্দুর রকিব খান হত্যা মামলা গ্রহণে গড়িমসি ও দায়িত্বে অবহেলার অভিযোগ খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বাহার বুলবুলকে প্রত্যাহার করা হয়েছে।
রবিবার(২১ জুন) দুপুরে তাকে খুলনা থানা থেকে প্রত্যাহার করে খুলনা মেট্রোপলিটন (কেএমপি) পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। একই সঙ্গে নগরীর হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলমকে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু জানান, খুলনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসলাম বাহার বুলবুলের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে রিজার্ভ অফিসে সংযুক্ত করা হয়েছে। এছাড়া হরিণটানার ওসি আশরাফ হোসেনকে খুলনা থানার ওসি হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।
আরও পড়ুনঃ সুশান্ত-অঙ্কিতার বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন কঙ্গনার বোন রঙ্গোলি
এর আগে মৃত রোগীর স্বজনদের হামলায় আহত হয়ে নগরীর গল্লামারী এলাকার রাইসা ক্লিনিকের পরিচালক ডা. আব্দুর রকিব খান গত ১৬ জুন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনার পরদিন থেকেই ওসি আসলাম বাহার বুলবুলের বিরুদ্ধে মামলা গ্রহণে গড়িমসির অভিযোগ করেন তার স্বজনরা। এ ঘটনার প্রতিবাদে পর দিন ১৭ জুন কর্মবিরতি পালন করেন চিকিৎসকরা। এরপর ১৮ জুন সংবাদ সম্মেলন করে ওসিকে প্রত্যাহারসহ দোষীদের শাস্তির দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন খুলনা বিএমএ’র নেতারা।
উল্লেখ্য, ডা. আব্দুর রকিব খান হত্যাকাণ্ডের ঘটনায় গত ১৭ জুন তার ছোট ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে খুলনা থানায় মামলা দায়ের করেন। এ মামলায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন আব্দুস কুদ্দুস, জমির শেখ, খাদিজা বেগম, আব্দুর রহিম, আবুল আলী ও গোলাম মোস্তফা। এর মধ্যে দোষ স্বীকার করে জবানবন্দি শেষে চার আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/ এমএএম
