তোমরা যখন বিকেল বেলা
হাঁটতে বেরোও বাবার সাথে
ঘুরতে বেরোও হাঁটি হাঁটি
হাতটি ধরে বাবার হাতে,
আমি তখন মাঠের পাড়ে
একলা একা পথের ধারে
দাঁড়িয়ে থাকি একটি আশায়—
এপথ দিয়েই বাবা আমার
অফিস থেকে ফিরবে বাসায়।
বাবার সাথে হয় না দেখা
অনেকগুলো দিন গেল যে।
বাবার কথা জানতে চেয়ে
প্রশ্ন যদি করি মা’কে
মা আমাকে রোজই বলেন—
তোমার বাবা অফিস করেন
আসতে যেতে অনেক সময়
বাবা যখন বাসায় ফেরেন
তোমার তখন ঘুমিয়ে থাকা
তাই তো তোমার বাবার সাথে
কোনোমতেই হয় না দেখা।
তাই তো আমি জেগে আছি
আজকে আমি ঘুমাব না,
বাবার সাথে অনেক কথা
অনেক গল্প আছে জমা
তাই তো আমি মাঠের পাড়ে
চেয়ে আছি পথের ধারে
বুক বেঁধেছি অনেক আশায়
বাবা আমার ফিরবে বাসায়...
