চাপ নিয়েই ফিরছে জুভেন্তাস

আপডেট : ২১ জুন ২০২০, ২০:৩০

স্পোর্টস ডেস্ক

ইন্টার মিলানের বিপক্ষে জুভেন্তাসের জয়টার পর কেটে গেছে ১০৪টি দিন। এ সময়ে করোনাসৃষ্ট অনাকাঙ্ক্ষিত বিরতি ছিল ইতালির ফুটবলে, মাঠে নামতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদোরা। বোলোনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আজ রাতে আবারও মাঠে ফিরছে ইতালীয় চ্যাম্পিয়নরা। তবে তার আগে কোচ মাউরিজিও সারির দলের ওপর ভর করেছে এভারেস্টসম চাপ।

চলতি মৌসুমের শুরু থেকেই ল্যাজিও আর ইন্টার মিলান মিলে চাপে রেখেছে জুভেন্তাসকে। লিগ স্থবির হওয়ার ঠিক আগে জুভেন্তাসের কাছে হেরে ইন্টার মিলান সে দৌড় থেকে দূরে সরে গেছে। তবে ল্যাজিও ঠিকই লড়াইটা ধরে রেখেছে। ২৬ ম্যাচে ৬২ পয়েন্ট তুলে নিয়ে জুভেন্তাস থেকে ১ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা।

এদিকে নাপোলি ম্যাচের পরেই সংবাদ সম্মেলনে খেলোয়াড়দের সমালোচনা করেছিলেন সারি। রোনালদোকে সরাসরি উল্লেখ করে বলেছিলেন, ‘সে আর সবার মতো, পাওলো দিবালা আর ডগলাস কস্তার মতোই! নিজের কাজটা ঠিকঠাক করার জন্য পর্যাপ্ত তীক্ষতাটা নেই তার মাঝে।’

এরপর থেকে রোনালদোর ক্লাব ছাড়ার গুঞ্জন তো জোরদার হয়েছেই, সারির বিপক্ষে দলে ক্ষোভও বেড়েছে পাল্লা দিয়ে।

স্থানীয় পত্রিকা গ্যাজেত্তা দেল্লো স্পোর্ট জানাচ্ছে, সে মন্তব্যের পর থেকেই দলে চাপা ক্ষোভ সৃষ্টি হয়েছে সারির বিপক্ষে। এমনকি কোচ ড্রেসিং রুমের নিয়ন্ত্রণও হারিয়ে ফেলেছেন বলে গুঞ্জন আছে।

এমন পরিস্থিতিতেই বিরতি শেষে লিগে ফিরছে জুভেন্তাস। প্রতিপক্ষ যদিও তালিকার মধ্যবর্তী দল বোলোনিয়া, তবুও সতর্ক থাকতে চাইবে দলটি। কারণ হারলেই যে লিগের নিয়ন্ত্রণ চলে যাবে ল্যাজিওর কাছে! টানা ২১টি লিগ ম্যাচে জেতা ল্যাজিও মাঠে নামবে আগামী বুধবার রাতে। তাদের প্রতিপক্ষ আতালান্তা।