অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ না হলে অন্তত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) যেন মাঠে গড়ায়। এমনটাই চাওয়া অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারের। সম্প্রতি ইন্ডিয়া টুডে কে ওয়ার্নার বলেন, ‘যদি বিশ্বকাপ না হয়, সেই সূচির বদলে যদি আইপিএল হয়। তাহলে আমি এ ব্যাপারে নিশ্চিত যে আমরা এখানে আইপিএল খেলতে আসব।’ অবশ্য কেবল ওয়ার্নাররা চাইলেই হবে না, সেই সঙ্গে নিজ দেশের ক্রিকেট বোর্ডের অনাপত্তি পত্রও থাকতে হবে তাদের সঙ্গে। করোনা মহামারির কারণে অস্ট্রেলিয়ায় এখনো ভ্রমণ নিষেধাজ্ঞা চলছে। এ ব্যাপারে ওয়ার্নারের ভাষ্য, ‘অবশ্য সেক্ষেত্রে ক্রিকেট অস্ট্রেলিয়া যদি আমাদের অনুমতি দেয়, বলে যে ভারতে যেতে সমস্যা নেই। তাহলে অবশ্যই তখন খেলার জন্য আমার হাতটা উঁচুতেই থাকবে। কারণ দিন শেষে এই খেলাটাকেই আমরা ভালোবাসি।’
