প্রিমিয়ার লিগ ফিরেছে সপ্তাহও পেরোয়নি। এরই মধ্যে আর্সেনালের শীর্ষ ছয়ে থেকে লিগ শেষ করার আশা ফিকে হয়ে আসতে শুরু করেছে। ফেরার ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে হারের পর শনিবার রাতে জয়ের আশা জাগিয়েও ২-১ ব্যবধানে হেরেছে ব্রাইটনের কাছে। পয়েন্ট তালিকার নিচের দিকের দলের কাছে এ হারকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়েছেন কোচ মিকেল আর্তেতা। ব্রাইটনের মাঠে গোলশূন্য প্রথমার্ধের পর ৬৮ মিনিটে এগিয়ে গিয়েছিল আর্সেনালই। তবে নিকোলাস পেপের করা গোলটির জবাব আসে মিনিট সাতেক পরেই। ৭৫ মিনিটে লুইস ডাঙ্কের লক্ষ্যভেদের পর যোগ করা সময়ে স্বাগতিকদের জয়সূচক গোলটি করেন নিয়াল মপে। এই হারের ফলে আর্সেনাল ৩০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে নেমে গেছে পয়েন্ট তালিকার ১০ম স্থানে। হারের পর হতাশ কোচ আর্তেতার সরল স্বীকারোক্তি, ‘আমি খুবই হতাশ। যেভাবে আমরা ম্যাচটা হেরেছি সেটা মোটেও মেনে নেওয়া যায় না।’
