নাসিম আলী, পিরোজপুর অফিস
গত সাত দিন কোনো করোনা টেস্ট রিপোর্ট পিরোজপুরে না আসায় এ জেলায় নতুন রোগী শনাক্তকরণ আটকে আছে। ফলে জেলায় করোনা রোগীর নেগেটিভ বা পজিটিভ সংখ্যা নির্ণয় সম্ভব হচ্ছে না। এ অচলাবস্থার কথা জানিয়েছেন পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. হাসানাত ইউসুফ জাকী।
তিনি ইত্তেফাককে জানান, গত ১৫ জুন থেকে ২০ জুন পর্যন্ত মোট ৭৪৬ জনের করোনা শনাক্তকরণ নমুনা সংগ্রহ করে বরিশালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কিন্তু পরীক্ষা শেষ হয়েছে কি না তা জানা যায়নি, বরিশাল বা ঢাকার কোনো পিসিআর ল্যাবে এ নমুনা জটে পড়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিশির রঞ্জন অধিকার বলেন, গত বুধবারের পর থেকে সদর উপজেলায় প্রতিদিনই তিন-চারটি করে নমুনা সংগ্রহ করা হয়। কিন্তু আগের সাত দিনের টেস্ট রিপোর্ট হাতে না পাওয়ায় নতুন বা পুরান রোগীদের করোনা আছে কি নেই তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। সে কারণে রোগীদের ব্যবস্থাপত্র দেওয়াও বন্ধ থাকছে। সাত দিন আগে জেলায় করোনা রোগীর সংখ্যা ছিল ১৩৪ জন। তার মধ্যে ৮৫ জন সুস্থ হয়েছেন এবং তিন জন মারা গেছেন।
