সড়ক দুর্ঘটনায় সাতজনের মৃত্যু

আপডেট : ২১ জুন ২০২০, ২১:৩৪

ইত্তেফাক ডেস্ক

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাত জনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১২ জন। আমাদের বিভাগীয় অফিস, স্টাফ রিপোর্টার ও সংবাদদাতাদের পাঠানো খবর।

চট্টগ্রাম অফিস জানায়, শিকলবাহা এলাকায় রবিবার যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুই যাত্রী। কর্ণফুলী থানার উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দিনাজপুরের স্টাফ রিপোর্টার জানান, সদর উপজেলার নশিপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুস সালাম (৩০) নামে বাসের হেল্পার নিহত হয়েছে। দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, শনিবার রাতে উপজেলার হাজির বাজার ড্রিমওয়াল্ড পার্কের সামনে অজ্ঞাত গাড়িচাপায় জাকির হোসেন (২৫) ও আশরাফুল আলম (২৭) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ভারপ্রাপ্ত) এসআই হাদিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা জানান, উপজেলায় লক্ষ্মীটারী ইউনিয়নের আনুর বাজার এলাকায় রবিবার সড়ক দুর্ঘটনায় মমেনা বেগম (২৫) নামে অটো যাত্রী মহিলার মৃত্যু হয়েছে। লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লা আল হাদী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা জানান, আটোয়ারী আশা অফিসের সামনে রবিবার বিকালে মোটরসাইকেলের ধাক্কায় উলফত উদ্দীন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. ইজার উদ্দীন মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।