প্রেসিডেন্ট নির্বাচনের পর কঙ্গোতে বন্ধ ইন্টারনেট সংযোগ

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ২২:২০

কঙ্গোতে বহুল আলোচিত প্রেসিডেন্ট নির্বাচনের পর ইন্টারনেট সংযোগ ও এসএমএস সেবা বন্ধ রাখা হয়েছে। রবিবার উত্তেজনাপূর্ণ নির্বাচনের পরদিন থেকে বিরোধী ও ক্ষমতাসীন উভয় জোটই দাবি করেছিল তারা জিততে যাচ্ছে।

প্রেসিডেন্ট জোসেফ কাবিলার এক জ্যেষ্ঠ উপদেষ্টা বার্নাবে কিকায়া বিন কারুবি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘কাল্পনিক ফলাফল’ ছড়িয়ে পড়ায় জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ইন্টারনেট ও এসএমএস সেবা বন্ধ করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি জানান, আগামী ৬ জানুয়ারি পরিপূর্ণ ফলাফল প্রকাশের আগ পর্যন্ত ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকবে।

স্বাধীনতার পর থেকে কঙ্গোতে গণতান্ত্রিক উপায়ে কখনো ক্ষমতার পালাবর্তন ঘটেনি। ইবোলা ছড়িয়ে পড়ার ভয়, সংঘাতের আশঙ্কা ও অন্যান্য সমস্যায় প্রায় কয়েক দশক পর অনুষ্ঠিত এই প্রেসিডেন্ট নির্বাচনেও অনেকে ভোট প্রদান করতে পারেনি। ফলাফল প্রকাশে কোনোরূপ টালবাহানায় দেশটিতে আবারো সহিংসতা দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।