এমপি মোকাব্বির সিএমএইচ ছেড়ে হোম আইসোলেশনে

আপডেট : ২১ জুন ২০২০, ২১:৫২

ইত্তেফাক রিপোর্ট

করোনা ভাইরাসে আক্রান্ত সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের গণফোরাম দলীয় সংসদ সদস্য মোকাব্বির খান ঢাকা সম্মিলিতি সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে বাসায় আইসোলেশনে গেছেন। শারীরিক কোনো সমস্যা না থাকায় চিকিত্সকরা তাকে গতকাল রবিবার হোম আইসোলেশনে পাঠিয়েছেন।

মোকাব্বির খান গতকাল বিকালে ইত্তেফাককে বলেন, ‘আমার করোনা পজিটিভ হলেও শারীরিক কোনো সমস্যা নেই। আমি এমনিতে ভালো আছি।’

আক্রান্ত হওয়ার পর দ্বিতীয় পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে কি না, জানতে চাইলে মোকাব্বির বলেন, ‘না, পরীক্ষা আরো কিছুদিন পর করতে হবে।’ উল্লেখ্য, সামান্য জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ১৬ জুন সিএমএইচে ভর্তি হন মোকাব্বির খান। এদিকে গতকাল গণফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোকাব্বির খানের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গতকাল বেলা ২টার দিকে তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। এখন থেকে তিনি চিকিত্সকের পরামর্শ অনুযায়ী বাসায় বিশ্রামে থাকবেন।