কারাগারেই থাকতে হচ্ছে রাশেদ চিশতীকে

আপডেট : ২১ জুন ২০২০, ২১:৫৪

জামিনসংক্রান্ত উচ্চ ও নিম্ন আদালতের আদেশ চেম্বার আদালতে স্থগিত

ইত্তেফাক রিপোর্ট

ফারমার্স ব্যাংকের ১৫৯ কোটি টাকা আত্মসাতের মামলায় রাশেদুল হক চিশতীর জামিন বিষয়ে উচ্চ ও নিম্ন আদালতের দুটি আদেশ স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার জজ আদালত। এ সংক্রান্ত এক আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গতকাল রবিবার এই আদেশ দেন। এছাড়া দুদকের তিনটি মামলায় রাশেদের জামিন বহাল রেখে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেনি চেম্বার আদালত। আবেদনগুলো শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়েছে। করোনা ভাইরাস পরিস্থিতির উন্নতি হলে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নের্তৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এসব আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

দুদক কৌঁসুলি খুরশীদ আলম খান ইত্তেফাককে জানান, ১৫৯ কোটি টাকা আত্মসাতের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৬ গত ১৮ মে রাশেদ চিশতীকে জামিন দেয়। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ঐ জামিন স্থগিত করে। ঐ স্থগিত আদেশে হাইকোর্ট বলেছে, নিম্ন আদালতের জামিনের বিরুদ্ধে দুদকের রিভিশন পিটিশন না করে আপিল করা উচিত ছিল। গতকাল শুনানিকালে চেম্বার আদালতের বিচারপতি জানতে চান, হাইকোর্টের আদেশে এটা উল্লেখ করার সুযোগ আছে কি? দুদকের পক্ষ থেকে আমি বলেছি, উচ্চ আদালতের এই পর্যবেক্ষণ দেওয়া সঠিক হয়নি। এরপরই চেম্বার বিচারপতি এই মামলায় জামিনসংক্রান্ত নিম্ন ও উচ্চ আদালতের আদেশ স্থগিত করে দেয়। এর ফলে রাশেদ চিশতীকে কারাগারেই থাকতে হচ্ছে। আদালতে চিশতীর পক্ষে আইনজীবী জেড আই খান পান্না ও এ এম আমিন উদ্দিন শুনানি করেন। রাশেদুল হক চিশতী ফারমার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীর ছেলে।