ইত্তেফাক রিপোর্ট
বিশ্বব্যাংক হতে ২৫ কোটি ডলার (২ হাজার ১২৫ কোটি টাকা) বাজেট সহায়তা পাচ্ছে বাংলাদেশ। এজন্য গতকাল রবিবার রাজধানীতে চুক্তি সই হয়েছে। বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টিম্বন চুক্তিতে সই করেন। ইআরডি জানিয়েছে, উন্নয়ন নীতি সহায়তা বা সেকেন্ড প্রোগ্রামেটিক জব ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট (ডিপিসি-২) প্রাপ্তির লক্ষ্যে এ ঋণ চুক্তি হয়েছে। এ ঋণের অপরিশোধিত অর্থের ওপর বার্ষিক শূন্য দশমিক ৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ এবং ১ দশমিক ২৫ শতাংশ হারে সুদ প্রদান করতে হবে। ৫ বছরের রেয়াতকালসহ ৩০ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে। ইআরডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সরকার দেশের কর্মক্ষম জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত ও মানসম্পন্ন কর্মসংস্থানের সুযোগ ও পরিবেশ তৈরিসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ বা সংস্থার সংশ্লিষ্টতায় সহায়ক কিছু নীতিকৌশল, বিধিবিধান সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করেছে। সরকারের এই উদ্যোগ এবং প্রস্তাবিত সংস্কার পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিশ্বব্যাংক ২০১৮-১৯ অর্থবছর হতে তিন অর্থবছরে মোট ৭৫ কোটি ডলার ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট (ডিপিসি) ঋণ সহায়তা প্রদানে সম্মত হয়েছে। এই ডিপিসির অংশ হিসেবে বিশ্বব্যাংক ২০১৮-১৯ অর্থবছরে ২৫ কোটি ডলার ঋণ দিয়েছে। এর ধারাবাহিকতায় ডিপিসি-২-এর আওতায় চলতি ২০১৯-২০ অর্থবছরে উক্ত ২৫ কোটি ডলার বাজেট সহায়তা দিতে সম্মত হয়েছে।
উল্লেখ্য, ডিপিসি-২-এর ২৫ কোটি ডলার আগামী অর্থবছরে ছাড়ের জন্য নির্ধারিত ছিল; কিন্তু কোভিড-১৯-এর প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের অনুরোধে বিশ্বব্যাংক চলতি অর্থবছরেই এ অর্থ প্রদানে চুক্তি করল।
