দাখিলে সেরা খাদিজার ঘর বানাতে টিন ও নগদ অর্থ দিলেন চীফ হুইপ লিটন চৌধুরী

আপডেট : ২১ জুন ২০২০, ২২:২৫

চলতি বছর দাখিলে শিবচরে কাঁঠালবাড়ি সিনিয়র আলিম মাদ্রাসা থেকে সেরা ফলাফলধারী গোল্ডেন জিপিএ-৫ অর্জনকারী দরিদ্র চা বিক্রেতার মেয়ে খাদিজা আক্তারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী। চীফ হুইপের পক্ষ থেকে রবিবার দুপুরে উপজেলা পরিষদে খাদিজাকে ঘর তুলতে ২ বান্ডিল টিন ও নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদুল হক, জেলা পরিষদ সদস্য আয়শা সিদ্দিকা মুন্নি প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে খাদিজার এই ফলাফলের খবর পেয়ে চীফ হুইপ এই অদম্য মেধাবীর বাড়িতে নেতৃবৃন্দদের দিয়ে মিষ্টি পাঠিয়েছেন। এছাড়াও ভবিষ্যৎ লেখাপড়ার জন্য জেলা পরিষদসহ বিভিন্ন সংস্থাকে বৃত্তি দেয়ার নির্দেশ দিয়েছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, 'চীফ হুইপ স্যারের নির্দেশে অদম্য মেধাবী খাদিজার ঘর তুলতে টিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।'

ইত্তেফাক/আরএ