২৪ ঘণ্টায় ৩৯ জনের মৃত্যু, নতুন সংক্রমিত ৩৫৩১

আপডেট : ২১ জুন ২০২০, ২২:৫০

এক দিনে আরো ৩৯ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৪৬৪ জন। গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৩১ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। এতে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১২ হাজার ৩০৬ জন। নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা গতকাল দেশে করোনা ভাইরাস পরিস্থিতির সবশেষ তথ্য তুলে ধরেন।

আইইডিসিআরের অনুমিত হিসাবে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগী ও বাড়িতে থেকে চিকিত্সা নেওয়া রোগীর মধ্যে আরো ১ হাজার ৮৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ৭৭ জন। বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ৮ মার্চ, তার দশ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। ১৮ জুন দেশে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যায়। গতকাল ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় যাদের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ৩৫ জন পুরুষ এবং চার জন নারী। তাদের মধ্যে ৩৩ জন হাসপাতালে এবং ছয় জন বাড়িতে মারা গেছেন। এই ৩৯ জনের মধ্যে একজনের বয়স ছিল ৮০ বছরের বেশি; ১০ বছরের কম বয়সি একটি শিশুও রয়েছে তাদের মধ্যে। এছাড়া দুই জনের বয়স ৭১-৮০ বছরের মধ্যে, চার জনের বয়স ৬১-৭০ বছরের মধ্যে, ১২ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, ১২ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ছয় জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, এক জনের বয়স ২১-৩০ বছরের মধ্যে ছিল। মৃতদের মধ্যে ১৬ জন ঢাকা বিভাগের, ১১ জন চট্টগ্রাম বিভাগের, দুই জন রাজশাহী বিভাগের, চার জন খুলনা বিভাগের, চার জন বরিশাল বিভাগের, এক জন সিলেট বিভাগের এবং এক জন রংপুর বিভাগের বাসিন্দা।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৬০টি পরীক্ষাগারে ১৫ হাজার ৫৮৫টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত দেশে পরীক্ষা করা হয়েছে ৬ লাখ ১২ হাজার ১৬৪টি নমুনা। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৬৬ শতাংশ। আর এ পর্যন্ত রোগী শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে আনা হয়েছে ৬৩১ জনকে। এ পর্যন্ত আইসোলেশনে নেওয়া হয়েছে ১৯ হাজার ৮১৪ জনকে। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৩৫৬ জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন ৭ হাজার ৬২৪ জন। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ১২ হাজার ১৯০ জন। গত ২৪ ঘণ্টায় হোম ও প্রাতিষ্ঠানিক মিলিয়ে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ২ হাজার ৮১৯ জনকে এবং এ পর্যন্ত কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ৩ লাখ ৩৯ হাজার ৫৮৩ জনকে। গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন ২ হাজার ১৩২ জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে মোট ছাড় পেয়েছেন ২ লাখ ৭৬ হাজার ৩৭১ জন। বর্তমানে হোম ও প্রাতিষ্ঠানিক মিলিয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন ৬৩ হাজার ২০৫ জন।