পলাশে ঘুড়ি ওড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৭

আপডেট : ২১ জুন ২০২০, ২২:৫৩

নরসিংদীর পলাশে ঘুড়ি খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বাড়িঘর ভাঙচুর, নগদ টাকাসহ মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। এসময় বাধা দিতে গিয়ে সাত জন আহত হয়।

জানা যায়, শনিবার বিকালে উপজেলার গালিমপুর গ্রামের সবুজ মিয়ার ছেলে ফাহিম মিয়া ও একই গ্রামের নূর মোহাম্মদের ছেলে সিয়াম মিয়া ঘুড়ি উড়াতে বাড়ির পাশের একটি মাঠে যায়। সেখানে ঘুড়ি উড়ানোর এক পর্যায়ে ফাহিমের ঘুড়িটি ছিড়ে ফেলে সিয়াম মিয়া। এ নিয়ে ফাহিম ও সিয়ামের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে ফাহিম ইমন মিয়া নামে স্থানীয় এক ছাত্রলীগ নেতার কাছে বিচার দিলে শনিবার রাত ৯টার দিকে ইমনের নেতৃত্বে ৫০-৬০ জনের একটি  দল দেশীয় অস্ত্র নিয়ে গালিমপুর গ্রামে হামলা চালায়। এসময় তারা ১২টি বাড়িঘর ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। বাধা দিতে গিয়ে পারুল বেগম, হামিদা বেগম, ইসমাইল মিয়া, গাফফার, আবুল বাশার ও পরিমুনসহ সাত জন আহত হন।

পলাশ থানার ওসি (তদন্ত) হুমায়ূন কবির জানান, ঘুড়ি উড়ানোকে কেন্দ্র করে বাড়িঘরে হামলার খবর পাওয়া মাত্র ডাঙ্গা ক্যাম্প ইনচার্জকে পাঠানো হয়। তবে এ রিপোর্ট লেখা পর্ষন্ত থানায় কোনো মামলা হয়নি।