আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি করোনার এই উদ্বেগের সময় অনুমাননির্ভর কোনো ওষুধ মজুত না করার জন্য আহ্বান জানিয়ে বলেছেন, ‘অনেকে আতঙ্কে অক্সিজেন সিলিন্ডার এবং অনুমাননির্ভর ওষুধ মজুত করছেন। যেটা অপ্রয়োজনীয়। বিশেষজ্ঞ চিকিত্সকের পরামর্শ ছাড়া এ ধরনের ওষুধ মজুত এবং ব্যবহার হিতে বিপরীত হতে পারে।’
গতকাল রবিবার সংসদ ভবন এলাকাস্থ সরকারি বাসভবন থেকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিনা প্রয়োজনে অক্সিজেন সিলিন্ডার মজুত করে রেখে দেওয়ার ফলে অনেক মৃত্যুপথযাত্রী রোগী অক্সিজেন থেকে বঞ্চিত হচ্ছেন। তাই এই ধরনের অনুমাননির্ভর সিলিন্ডার মজুত করার মতো স্বার্থপর ভাবনার চেয়ে করোনা প্রতিরোধে মনোনিবেশ করুন। করোনা টেস্টের রিপোর্ট দ্রুত প্রদানের ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, গণমাধ্যম থেকে জেনেছি, করোনা টেস্ট করতে এবং রিপোর্ট পেতে হয়রানির শিকার হচ্ছে, আবার কাউকে দীর্ঘ অপেক্ষায় থাকতে হচ্ছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের সমন্বয় বৃদ্ধির মাধ্যমে নমুনা গ্রহণ ও স্বল্প সময়ে রিপোর্ট প্রদানে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, কিছু বেসরকারি হাসপাতাল কোভিড-১৯ রোগীদের সেবায় প্রশংসনীয় কাজ করলেও এখনো অনেক হাসপাতালের বিরুদ্ধে অবহেলার অভিযোগ পাওয়া যাচ্ছে। অন্যান্য রোগের চিকিত্সাও ঠিকমতো হচ্ছে না বলে রিপোর্ট আছে। এ সময়ে তিনি হাসপাতাল, মালিক, চিকিত্সক ও সংশ্লিষ্টদের এ কঠিন সময়ে ব্যবসার চাইতে মানবিকতাকে ঊর্ধ্বে স্থান দেওয়ার আহ্বান জানান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করোনায় অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবীসহ বিশিষ্ট ব্যক্তিরা প্রাণ হারিয়েছেন, এর মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা অধিক সংখ্যক মৃত্যুবরণ করেছেন। দেশ ও জাতির এই কঠিন সময়ে আওয়ামী লীগই ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছে। তিনি বলেন, দেশের যে কোনো সংকটে মাটি ও মানুষের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সাহসী সৈনিক, মুজিবাদর্শের যোদ্ধারা শেখ হাসিনার নির্দেশে ঝাঁপিয়ে পড়ে আর্তমানবতার সেবায় এবারও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। করোনার এ সংকটে মিডিয়া তথা গণমাধ্যমকর্মীদের বেতন ভাতা অব্যাহত রাখার জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি দেশ ও জাতির এই কঠিন সময়ে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে বিজ্ঞাপনদাতাদের সাধ্যমত উদারতা প্রদর্শনের আহ্বান জানান।
