বেড়ায় শুকনা বীজতলা তৈরি করছে কৃষকরা

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ২২:২২

তীব্র শীত ও ঘন কুয়াশার হাত থেকে বোরো ধানের বীজতলা রক্ষার জন্য পাবনার বেড়া উপজেলার কৃষকরা পলিথিন দিয়ে বীজতলা ঢেকে শুকনা বীজতলা তৈরি করছেন। বেড়া পৌর এলাকায় অর্ধশতাধিক কৃষক শুকনা বীজতলা তৈরিতে ব্যস্ত রয়েছে। উপজেলার কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে, অধিকাংশ কৃষক এখন বোরো ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছে।

গত কয়েকদিন ধরে রাজশাহী বিভাগের শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় বোরো ধানের চারা নষ্ট হয়ে যাচ্ছিল। শীতের তীব্রতা থেকে রক্ষা করার জন্যই কৃষকরা শুকনা বীজতলা তৈরি করছে। শুকনা বীজতলা তৈরিতে বীজতলা রক্ষায় সাদা পলিথিন দিয়ে পুরো বীজতলা ঢেকে দিতে হয়। রাতে এবং সকালে এভাবে ঢেকে রাখতে হয়। তবে দিনের বেলায় রোদের আলোর জন্য পলিথিন সরিয়ে দিতে হয়। এভাবে শীত থেকে বোরোর চারা রক্ষা করা হয়। বেড়া উপজেলা কৃষি ক্লাবের সভাপতি ফিরোজ আহমেদ বলেন, আমি আমার জমিতে শুকনো বীজতলা তৈরি করেছি। আমার আশেপাশের সব কৃষকই শুকনা বীজতলা তৈরি করেছে। শীত থেকে বোরোর চারা বাঁচানোর জন্যই এটা করা হচ্ছে। বেড়া পৌর এলাকার অর্ধশতাধিক কৃষক ইতোমধ্যেই বীজতলা বাঁচাতে পলিথিন দিয়ে শুকনা বীজতলা তৈরি করেছে।

বেড়া উপজেলা কৃষি কর্মকর্তা রঞ্জন কুমার প্রামাণিক জানান, শীতের তীব্রতা থেকে বোরো ধানের বীজতলা রক্ষার জন্য কৃষকদের শুকনা বীজতলা তৈরির পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষি অফিস থেকে এ বিষয়ে নিয়মিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে।