বঙ্গোপসাগরে পণ্যবাহী জাহাজ দুর্ঘটনার কবলে

আপডেট : ২১ জুন ২০২০, ২২:৫৭

বঙ্গোপসাগরের পতেঙ্গা উপকূল এলাকায় পণ্যবাহী একটি জাহাজ দুর্ঘটনার কবলে পড়েছে। বহির্নোঙরে মাদার ভেসেলের (বড়ো জাহাজ) সঙ্গে ধাক্কা লেগে পণ্যবাহী জাহাজটির (লাইটারেজ জাহাজ) তলা ফেটে যায়। এ সময় জাহাজের মাস্টার দ্রুত জাহাজটি পতেঙ্গা সিবিচ এলাকার চরে নিয়ে আসেন। গতকাল রবিবার এ দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহসভাপতি নবী আলম জানান, মডার্ন লজিস্টিকের মালিকানাধীন জাহাজটি মটর ডাল নিয়ে নোয়াপাড়ায় যাচ্ছিল। জাহাজে ৮৫০ টন মটর ডাল আছে। বহির্নোঙরে বড়ো জাহাজ থেকে পণ্য বোঝাই করে যাত্রা শুরুর পর দুর্ঘটনার কবলে পড়ে। এতে জাহাজের তলা  ফেটে যায়। জাহাজের সব নাবিক নিরাপদে রয়েছেন। বিআইডব্লিউটিএ চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক মো. সেলিম উদ্দিন জানান, তলা ফেটে জাহাজের ভেতরে পানি ঢুকে পড়েছে। এখন জাহাজ থেকে পণ্য খালাস করে জাহাজের মালিকপক্ষ মেরামত করবে বলে জানান তিনি।