করোনার উপসর্গ নিয়ে আরো ছয় জনের মৃত্যু

আপডেট : ২১ জুন ২০২০, ২২:৫৭

মহামারি করোনার উপসর্গ জ্বর, গলাব্যথা, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে গতকাল রবিবার বিকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ছয় জনের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাস পরীক্ষার জন্য মৃতদের  নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে এদের দাফন করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা সদরের কাজীপাড়ায় মো. শাহ নেওয়াজ গতকাল জেলা জেনারেল হাসপাতালে মারা যান। তিনি হবিগঞ্জের মাধবপুরে একটি ডেন্টাল ক্লিনিক নামে একটি দন্ত চিকিত্সালয় পরিচালনা করতেন। একইদিনে আশুগঞ্জের আড়াইসিধা মোল্লাবাড়ী এলাকার আবু তাহের মিয়া নিজ বাড়িতে জ্বর, গলাব্যথা, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে মারা যান। কুষ্টিয়ার ভেড়ামারা পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড মহিলা কলেজপাড়া এলাকার বুলবুল ইলেকট্রনিক্সের মালিক বুলবুল আহমেদ (৫৫) গতকাল মারা গেছেন। বাগেরহাটের শরণখোলায় শাহজালাল (২০) নামে এক ভ্যানচালকের   মৃত্যু হয়েছে। শাহজালাল উপজেলার কদমতলা গ্রামের সুজন ফকিরের ছেলে। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে শনিবার দিবাগত রাতে আইজ উদ্দিন (৭২) নামে এক বৃদ্ধ মারা গেছেন। তার বাড়ি নগরীর মহিষবাথান এলাকায়। মাদারীপুর শহরের কলেজ রোড এলাকার নিরাময় হাসপাতালসংলগ্ন ইতালি প্রবাসী ছালাম খালাশী (৫৭) নামে এক জন গতকাল নিজের বাড়িতে মারা গেছেন। এ নিয়ে করোনা উপসর্গ নিয়ে উপজেলায় মারা গেছেন ১৩ জন।

ইত্তেফাকের ব্যুরো, জেলা প্রতিনিধি ও উপজেলা সংবাদদাতাদের পাঠানো খবরের আলোকে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।