শ্যামনগরে বিএনপির ত্রাণবহরে ছাত্রলীগ যুবলীগের হামলা গাড়ি ভাংচুর, আহত ১০

আপডেট : ২১ জুন ২০২০, ২২:৫৯

সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির ত্রান বহরে হামলা চালিয়েছে ছাত্রলীগ যুবলীগের নেতা-কর্মীরা। রবিববার সকালে উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের চুনা ব্রিজের কাছে এ হামলা চালানো হয়। এতে বিএনপির কমপক্ষে ১০ নেতা কর্মী আহত হয়েছেন। ভাংচুর করা হয়েছে একটি প্রাইভেটকারসহ কয়েকটি মোটরসাইকেল।

আহতরা হলেন, উপজেলা যুবদলের সভাপতি আজিবর রহমান, সাবেক ছাত্র নেতা মাসুদ, ছাত্রদল কর্মী রাসেল, যুবনেতা আনিছ, মিঠু, জহিরুল, মোস্তফা মিন্টু, রবিউল, মামুন ও ছালাম।

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী জানান, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যুক্তরাজ্য বিএনপি’র স্বনির্ভর বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মনির অর্থায়নে তার নেতৃত্বে জেলা বিএনপির যুগ্মআহবায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর মেয়র আলহাজ তাজকিন আহমেদ চিশতি, যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু,               স্বেচ্ছাসেবক দল সভাপতি সোহেল আহমেদ মানিকসহ বিএনপি নেতাকর্মীরা বেলা ১১টার দিকে শ্যামনগরে আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান বিতরন করতে যাওয়ার সময় পথিমধ্যে কাশিমাড়ি ইউনিয়নের চুনা ব্রিজের নিকট পৌছালে স্থানীয় সংসদ সদস্য জগলুল হায়দারের ছেলে উপজেলা যুবলীগের যুগ্মআহবায়ক রাজিব হায়দারের নেতৃত্বে ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা তাদের উপর দুই দফা হামলা চালায়। এ সময় তাদের কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হয়। তিনি আরো জানান, হামলাকারীরা তাদের ভয়ে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিত্সা নিচ্ছেন।

তবে সংসদ সদস্য জগলুল হায়দারের ছেলে উপজেলা যুবলীগের যুগ্নআহবায়ক রাজিব হায়দার ঘটনা স্থলে ছিলেন না এবং বিষয়টি জানেন না বলে দাবী করে বলেন, পরে শুনেছি  যারা ত্রান দিতে যাচ্ছিল তাদের নিজেদের মধ্যে কি ঝামেলা হয়েছে।

শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা বলেন ত্রানের গাড়িতে যারা হামলা চালিয়েছে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।