করোনা ভাইরাস মহামারির মধ্যে বিএনপির মানবিক কর্মসূচিতেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রবিবার এক বিবৃতিতে তিনি বলেন, সাতক্ষীরায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে বিএনপি নেতা-কর্মীদের ত্রাণ বিতরণ কর্মসূচিতে আওয়ামী লীগের লোকজন হামলা করেছে। করোনা মহামারিতে বিএনপির মানবিক কর্মসূচিতেও বাধা দিচ্ছে, হামলা চালাচ্ছে।
তিনি বলেন, নেতা-কর্মীদের ওপর সশস্ত্র হামলা চালিয়ে তাদের গুরুতর আহত করছে। এই হামলার ঘটনা অশুভ ইঙ্গিত বহন করে। আমরা এই হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে তিনি বলেন, এটি নিঃসন্দেহে চলমান দুঃশাসনের ভয়াবহ নজির।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলীম, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সাতক্ষীরা পৌর মেয়র তাসকীন আহমেদ চিশতি, সদস্য আলেম এলাহী মুন্নাম, মহিলা দলের নেত্রী নুরজাহান পারভীন ঝর্নার নেতৃত্বে শ্যামনগর উপজেলায় ত্রাণসামগ্রী বিতরণের সময় এ হামলার ঘটনা ঘটে। হামলায় ছাত্রদলের রাসেল আহমেদ, কৃষক দলের মাসুদ আহমেদ, আনিস আলম, সালাম মিয়া, আজিজুল হক, দুলু খন্দকারসহ ১২ জন আহত হন।
