খুলনায় টিপু শেখ হত্যা মামলায় জালিয়াতির মাধ্যমে জামিন নেওয়া পাঁচ আসামি আত্মসমর্পণ করেছে। উচ্চ আদালতের নির্দেশে গতকাল রবিবার দুপুরে তারা দিঘলিয়া থানায় আত্মসমর্পণ করেন। আসামিরা হলেন—সোহাগ শেখ, সেলিম শেখ, জুয়েল শেখ, লুত্ফর শেখ ও আব্দুল্লাহ মোল্লা।
এর আগে জালিয়াতি করে জামিন নেওয়ার অভিযোগে গত ১০ জুন উচ্চ আদালত টিপু শেখ হত্যা মামলার পাঁচ আসামির জামিন বাতিল করেন। একই সঙ্গে তারা জামিনে বেরিয়ে গেলে সাত দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে আইনজীবীকে শোকজ করা হয়। এছাড়া তারা আত্মসমর্পণ না করলে আদালত তাদের গ্রেফতারের জন্য খুলনা জেলা পুলিশ সুপারকে (এসপি) নির্দেশ দেন। এছাড়া তাদের পক্ষে লড়াই করা আইনজীবী ভার্চুয়াল কোর্টে আপাতত মামলা পরিচালনা করতে পারবেন না বলেও নির্দেশ দেন আদালত।
খুলনা জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বলেন, উচ্চ আদালতের নির্দেশের পর পুলিশ আসামিদের ধরতে তত্পর হয়। বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করায় ভয়ে তারা রবিবার দুপুরে আত্মসমর্পণ করে। পরে পুলিশ তাদের গ্রেফতার করে আদালতে পাঠায়।
উল্লেখ্য, গত বছরের ৬ সেপ্টেম্বর খুলনার দিঘলিয়া উপজেলার পরবিলা গ্রামের টিপু শেখকে অতর্কিত হামলা চালিয়ে খুন করা হয়।
