সাভারে দুর্যোগ প্রতিমন্ত্রীকে কটূক্তি করায় কথিত যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

আপডেট : ২১ জুন ২০২০, ২৩:০৩

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমানকে কটূক্তি ও অশালীন ভাষায় গালিগালাজ করায় আশুলিয়া থানায় আইসিটি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর বাদী হয়ে কথিত যুবলীগ নেতা রাজু আহম্মেদকে প্রধান আসামি করে এ মামলা করেন। অভিযুক্ত রাজু আহম্মেদ আশুলিয়ার চাঁনগাও এলাকার বাসিন্দা।

শাহাব উদ্দিন মাদবর এজাহারে উল্লেখ করেন, উক্ত রাজু আহম্মেদ নিজেকে কখনো আশুলিয়া ইউপির যুবলীগ, কখনো শ্রমিক লীগ আবার কখনো কৃষক লীগ পরিচয় দিয়ে আমার এবং প্রতিমন্ত্রীর নামে এলাকায় মিথ্যা বদনাম রটিয়ে আসছে। সম্প্রতি তিনি একজন সাংবাদিককে ফোন করে নির্বাচন সংক্রান্ত বিষয়ে প্রতিমন্ত্রী এবং আমার নামে কটূক্তি ও অশালীন ভাষায় গালিগালাজ করে। পরবর্তিতে উক্ত ফোন রেকর্ডটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

সাহাব উদ্দিন মাদবর বলেন, শুক্রবার রাতে প্রতিমন্ত্রী ও আমাকে কটূক্তি করা ঐ রেকর্ডটি আমি ফেসবুকের মাধ্যমে শুনতে পাই। আক্রমণাত্মক ও মানহানিকর তথ্য ফেসবুকে পোস্ট ও প্রচারের মাধ্যমে আমাদের সম্মানহানি করেছে রাজু। দ্রুত কথিত যুবলীগ নেতা রাজুকে গ্রেফতারের দাবি জানান তিনি।

আশুলিয়া থানা পুলিশ জানায়, রাজু আহম্মেদকে গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।