নারায়ণগঞ্জ হাসপাতালের অনিয়মের তদন্ত দাবি এমপি সেলিম ওসমানের

আপডেট : ২২ জুন ২০২০, ০০:৩৯

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের অর্থ আত্মসাত্সহ সব অনিয়ম চিহ্নিত করার লক্ষ্যে একটি কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ কে এম সেলিম ওসমান এমপি। গতকাল রবিবার দৈনিক ইত্তেফাকের ৩-এর পাতায় হাসপাতালের অনিয়ম ও অর্থ আত্মসাত্ সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশের পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় গতকাল সেলিম ওসমানসহ অন্যান্য বক্তারা প্রয়োজনে হাসপাতালকে দুর্নীতিমুক্ত করতে দুদকের সহায়তা কামনা করেছেন।

জেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান বলেন, অতীতের ভুলত্রুটি ঠিক করে আগামী জুলাই মাসের মধ্যে খানপুর হাসপাতালকে ৫০ শয্যা থেকে সম্পূর্ণ ১৫০ শয্যার করোনা হাসপাতালে রূপান্তরিত করা হবে। যেখানে আইসিইউসহ পিসিআর ল্যাবের আরো একটি মেশিন সংস্থাপন করা হবে। সেই সঙ্গে হাসপাতালে বিদ্যমান অনিয়ম তদন্তে জেলা প্রশাসকের মাধ্যমে একটি তদন্ত কমিটি গঠন করে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের কাছে এসব কথা জানান সভাপতি এমপি সেলিম ওসমান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এখানে মেডিক্যাল কলেজ করার জন্য আশ্বস্ত করেছেন। প্রয়াত মোহাম্মদ নাসিম স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন আমাদের জন্য অর্থ বরাদ্দ দিয়েছেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য নানা জটিলতায় আমরা এর কার্যক্রম পুরোপুরি  শুরু করতে পারি নাই। এ সময় তিনি সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

নারায়ণগঞ্জে এখনো করোনা টেস্ট কিটের সংকট থাকায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।