আকাশপথে টিকিটের তীব্র সংকট

বিমানের ঢাকা-লন্ডন ফ্লাইট শুরু, চলছে কাতার ও এমিরেটস

আপডেট : ২২ জুন ২০২০, ০০:৪০

করোনা মহামারি পরিস্থিতিতে প্রায় তিন মাস বন্ধ থাকার পর আকাশপথে আন্তর্জাতিক রুটের ফ্লাইট আবারও সক্রিয় হতেই টিকিটের হাহাকার দেখা দিয়েছে। বিমান বাংলাদেশ লন্ডন ফ্লাইট চালু করল গতকাল। কাতার এয়ার ১৭ জুন থেকে এবং এমিরেটস গতকাল থেকে যুক্তরাজ্য, আমেরিকা, ইউরোপসহ বিভিন্ন গন্তব্যে সরাসরি অথবা ট্রানজিট প্যাসেঞ্জার পরিবহন করছে। টিকিট নিয়ে অনিশ্চয়তা কাটেনি যাত্রীদের। যাত্রীদের অভিযোগ, জুলাই পর্যন্ত অধিকাংশ টিকিট বিক্রি দেখিয়ে তিন থেকে চার গুণ বেশি ভাড়া নিচ্ছে কাতার ও এমিরেটস এয়ারলাইনস। নিয়মিত ফ্লাইটে বিজনেস ক্লাসের কিছু টিকিট মিললেও দাম চড়া। আর আগে টিকিট কাটা যাত্রীদের পাত্তাই দিচ্ছে না কাতার এয়ারওয়েজ। যাত্রীরা বলেন, সব টিকিট বুক দেখাচ্ছে।  ফলে বিপদে পড়েছেন ইউরোপ-আমেরিকাগামী হাজার হাজার প্রবাসী ও শিক্ষার্থী।

জানা গেছে, টিকিট প্রত্যাশীদের চাপ সামলাতে না পেরে ফ্লাইট চালুর তিন দিনের মাথায় ঢাকা অফিস বন্ধ করতে বাধ্য হয় কাতার এয়ারওয়েজ। কাতার এয়ারওয়েজের সেলস ম্যানেজার বকশি মো. তৈয়ব বলেন, অনেক দিন বন্ধ থাকার কারণে চাপটা বেশি। সবাই একসঙ্গে ট্রাই করছে তাই এমন হচ্ছে। সময় লাগবে। তবে বাড়তি ভাড়া আদায়সহ অন্যান্য অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে কাতার এয়ারওয়েজ। এদিকে ট্রাভেল এজেন্টরা বলছেন, আরো এয়ারলাইনসকে ফ্লাইট চালুর অনুমোদন দিলে এই সংকট হতো না। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সাবেক মহাসচিব আব্দুস সালাম আরেফ বলেন, যেসব এয়ারলাইনস ফ্লাইট অপারেশন করতে চাইছে, তাদের সুযোগ দেওয়া উচিত।

এদিকে আগামী ৩ জুলাই চলাচল করবে টার্কিশ এয়ার। ঢাকা থেকে তুরস্ক হয়ে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিশ্বের বিভিন্ন গন্তব্যে যেতে পারবেন যাত্রীরা।  ঢাকা রুটে চলাচল করতে মালিন্দো, এয়ার অ্যারাবিয়া, ফ্লাই দুবাই আবেদন করে। তাদের আবেদন বিবেচনার জন্য আজ বৈঠক ডেকেছে কর্তৃপক্ষ।

ঢাকা থেকে লন্ডনে উড়ল বিমান

৯০ দিন পর প্রথম আন্তর্জাতিক রুটে প্রথম শিডিউল ফ্লাইট পরিচালনা শুরু করল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। গতকাল রবিবার দুপুর ১২টা ২০ মিনিটে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার এয়ারক্রাফট নিয়ে বিমানের প্রথম ফ্লাইটটি যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। ফ্লাইটটিতে ১৮৭ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে পাঁচ জন শিশু।

সৌদি থেকে ফিরল ৩৮৬ জন

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সৌদি আরবে আটকে পড়া ৩৮৬ জন যাত্রী বিমান বাংলাদেশের বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন। গতকাল সকালে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের বোয়িং ৭৭৭ যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করেছে। রিয়াদের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে। জেদ্দা থেকে বিমানের আরেকটি বিশেষ ফ্লাইট আগামী ১ জুলাই ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। এ পর্যন্ত প্রায় ৩ হাজার ৫০০ সৌদি প্রবাসী বাংলাদেশি দেশে ফেরার আবেদন করেছেন।

বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে ভিসা, ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত দ. কোরিয়ার

নতুন করে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে ভিসা ও ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটিতে নতুন বিদেশি আক্রান্তদের বেশির ভাগ এ দুই দেশ থেকে যাওয়া উল্লেখ করে রবিবার এই ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে এই বিধিনিষেধ কার্যকর হবে। দেশটির বার্তা সংস্থা ইয়োনহপের বরাতে এ খবর জানিয়েছে দ্য কোরিয়া হেরাল্ড। এক প্রেস ব্রিফিংয়ে দক্ষিণ কোরীয় স্বাস্থ্যমন্ত্রী পার্ক নুয়েং-হু বলেন, বাইরে থেকে আসা আক্রান্তরা সেই সব দেশ থেকে এসেছেন, যেগুলোতে সম্প্রতি সংক্রমণ ব্যাপক আকারে ছড়িয়েছে। বাইরে থেকে আগত করোনায় আক্রান্তদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কোয়ারেন্টিন ও চিকিত্সা সামর্থ্যে চাপ পড়ছে। গত ১২ জুন, ১৩ জুন ও গত শুক্রবার ১৭ জন বিদেশফেরত ব্যক্তি করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।