আশুলিয়ায় ঘুমের ওষুধ খাইয়ে শিশু ধর্ষণ, রিকশা চালক গ্রেফতার

আপডেট : ২২ জুন ২০২০, ০০:৪১

সাভারের আশুলিয়ায় ৯ বছরের এক শিশুকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগে বকুল মিয়া (৪০) নামে এক রিকশাচালককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের কোন্ডলবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বকুল মিয়া নাটোর জেলার লালপুর এলাকার মজিবুর রহমানের ছেলে। তিনি ইয়ারপুরে একটি বাড়িতে ভাড়া থেকে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। থানা পুলিশ জানায়, শিশুর বাবা ও মা দুই জনেই পোশাক কারখানায় কাজ করেন। গত শনিবার দুই শিশুকে বাসায় রেখে কারখানায় কাজে যান তারা। এই সুযোগে বকুল মিয়া ঐ দুটি শিশুকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ৯ বছরের শিশুটিকে ধর্ষণ করেন। রাতে বাবা-মা কারখানা থেকে ফিরে দুই সন্তানকে অসুস্থ দেখতে পেলে শিশুরা জানায়, বকুল মিয়ার দেওয়া খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েছিল। রাতেই ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো. সামিউল ইসলাম বলেন, ‘ভুক্তভোগী শিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

যশোরে চার বছরের শিশু

ধর্ষণের শিকার

এদিকে যশোর অফিস জানায়, যশোর শহরতলীর মুড়লী এলাকায় গতকাল চার বছর বয়সের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শেখ তাসমীম আলম জানান, ‘অভিযুক্ত আব্দুর রহমান অন্তুকে আটক করা হয়েছে। আটক অন্তু শহরতলীর মুড়লী খাঁ পাড়ার রুহুল আমিন খাঁর ছেলে। মেয়েটিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’