ইসলামের অপব্যাখ্যা, বিভ্রান্তিমূলক তথ্য পরিবেশন ও ভ্রান্ত ইসলামী সংগীতের মাধ্যমে সাধারণ মানুষকে উগ্রবাদে উদ্বুদ্ধ করার অভিযোগে আল্লাহর দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এরা হলেন— আব্দুল হান্নান, মেহেদী মোর্শেদ পলাশ, সোহেল হোসেন, হাসান মাহমুদ, নাজমুল হাসান রাজু, রেজাউল ইসলাম ও রবিউল ইসলাম।
গতকাল রবিবার ভোরের দিকে রাজধানীর দক্ষিণখান থানাধীন আশকোনা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় একটি উগ্রবাদী বই, পাঁচটি মোবাইল ফোন, নগদ ৩৫ হাজার টাকা, জঙ্গি কার্যক্রমে উদ্বুদ্ধকরণে লিফলেট, আয়-ব্যয় ও বিভিন্ন হিসাবের ফরমসহ উগ্রবাদী কাগজপত্র উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জঙ্গি সংগঠন আল্লাহর দলের সদস্য বলে স্বীকার করেছে জানিয়ে র্যাব-১-এর পরিচালক লে. কর্নেল শাফীউল্লাহ বুলবুল বলেন,‘জঙ্গি কার্যক্রমকে জোরদার করার জন্য আর্থিক কাঠামো তৈরি করেছে আল্লাহর দল। সংগঠনটির যাবতীয় আর্থিক মূলধনের একটি বড়ো অংশ নামে-বেনামে দেশের বেশ কয়েকটি ব্যাংকে গচ্ছিত রয়েছে। এ বিষয়ে র্যাবের অনুসন্ধান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতরা জানান, ‘সর্বোচ্চ পদকে ‘তারকা’ হিসেবে চিহ্নিত করেন তারা। এছাড়া কেন্দ্রীয় পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছে অধিনায়ক, অতিরিক্ত অধিনায়ক, নির্বাহী প্রভৃতি। আঞ্চলিক কাঠামোতে রয়েছে পর্যায়ক্রমে বিভাগীয় নায়ক, জেলা নায়ক, থানা নায়ক, গ্রাম নায়ক এবং সদস্য।’
