দুর্নীতির দুই মামলায় জামিন পাননি সেই পাগলা মিজান

আপডেট : ২২ জুন ২০২০, ০০:৪৮

দুর্নীতির দুই মামলায় জামিন পাননি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান ওরফে ‘পাগলা মিজান’। হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের একক ভার্চুয়াল বেঞ্চ জামিন না দিয়ে আবেদন দুটি স্ট্যান্ড ওভার (মুলতুবি) রাখেন।

ক্যাসিনোবিরোধী অভিযানের সময় গত বছরের ১১ অক্টোবর গ্রেপ্তার হন পাগলা মিজান। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করে র্যাব। ঐ দিন তার ঢাকার বাসায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্যাংকের কয়েকটি চেক, একটি মানি রিসিট, ছয়টি এফডিআর, একটি ডিপোজিট স্লিপ নিয়ে মোট ৭ কোটি ৫৯ লাখ ৯০ হাজার টাকার চেক ও এফডিআর জব্দ করা হয়।

এ ঘটনায় ১২ অক্টোবর তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করে র্যাব। পরে ৩০ কোটি টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ৬ নভেম্বর আরেকটি মামলা করে দুদক। দুটি মামলায় নিম্ন আদালত তাকে জামিন দেয়নি। পরে হাইকোর্টে জামিন চান তিনি।