যশোরের উপশহরে দুই যুবকের মধ্যে মারামারি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে মারা গেছেন উপশহর আদর্শ বহুমুখী মাদ্রাসার সভাপতি এনামুল হক ইমু (৩৫)। তিনি উপশহরের সৈয়দ ইকবাল হোসেন ইকুর ছেলে।
সৈয়দ ইকবাল হোসেন ইকু জানান, তিনি লোকমুখে শুনেছেন রবিবার রাত ৮টার দিকে উপশহর শিশু হাসপাতালের সামনে দুই যুবক মারামারি করছিল। সে সময় ইমু তাদের থামানোর চেষ্টা করে এবং এক জনকে একটি থাপ্পড় মারে। তখন সেই যুবক একটি ছুরি বের করে ইমুর পেটে আঘাত করে। সঙ্গে সঙ্গে সে মাটিতে পড়ে যায় এবং দুই যুবক পালিয়ে যায়। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক ইমুকে মৃত বলে ঘোষণা করেন।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শেখ তাসমীম আলম জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামি শনাক্তের চেষ্টা করছে।
