১০ জেলার ২৭ ‘রেড জোনে’ ছুটি ঘোষণা

আপডেট : ২২ জুন ২০২০, ০১:০৭

দেশের ১০ জেলার ২৭ এলাকাকে ‘রেড জোন’ হিসেবে ঘোষণা করায় সেখানে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার মধ্যরাতে চট্টগ্রাম, বগুড়া, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, মুন্সীগঞ্জ, কুমিল্লা, যশোর ও মাদারীপুরের ২৭টি ‘রেড জোন’ এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করে আদেশ জারি করেছে।

কোভিড-১৯ সংক্রমণের হার বিবেচনায় দেশের বিভিন্ন অঞ্চলকে যে তিনটি জোনে ভাগ করা হচ্ছে, তার মধ্যে ‘রেড জোনে’ সাধারণ ছুটি ঘোষণা করা হবে বলে আগেই জানানো হয়েছিল। নতুন করোনাভাইরাস সংক্রমণ প্রবণ এই এলাকাগুলোতে ২১ জুন থেকে সাধারণ ছুটি দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, লাল অঞ্চল ঘোষিত এলাকায় বসবাসরত সবল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে। “লাল অঞ্চল ঘোষিত এলাকায় অবস্থিত সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত ও অন্য এলাকায় বসবাসরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রেও এ ছুটি প্রযোজ্য হবে।” জরুরি পরিষেবা এ সাধারণ ছুটির আওতা বহির্ভূত থাকবে। কোন কোন ‘রেড জোনে’ কোন ২১ দিন সাধারণ ছুটি থাকবে, আদেশে তাও নির্ধারণ করে দেওয়া হয়েছে।