রংপুরে নির্বাচনে পরাজিত বিএনপি প্রার্থী সোলায়মান রাজনীতি ছাড়লেন

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ২২:২৪

একাদশ সংসদ নির্বাচনে রংপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হওয়া শাহ্ সোলায়মান আলম ফকির রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। গতকাল বুধবার রংপুরের গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা জানান। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন শারীরিক অসুস্থতা ও পারিবারিক অসুবিধা। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিশাল ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। এ আসনে ২ লাখ ৪৪ হাজার ৭৫৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এইচ.এন আশিকুর রহমান। সোলায়মান আলী ফকির পান ৬৩ হাজার ৪৬৯ ভোট।

শাহ্ সোলায়মান আলম ফকির ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ওই নির্বাচনে ১ লাখ এক হাজার ৯৫৬ ভোট পেয়ে তিনি জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের এইচ.এন আশিকুর রহমান পেয়েছিলেন ২৬ হাজার ৩৪৮ ভোট। জাতীয় পার্টি থেকে পদত্যাগ করে ২০১৩ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দিয়েছিলেন শাহ্ সোলায়মান আলম ফকির।