বিনোদন ডেস্ক
সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবরে পুরো দেশে তার ভক্তরা ক্ষোভ প্রকাশ করছে। অভিযোগ উঠেছে, এই মৃত্যুর নেপথ্যে রয়েছে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের প্রভাব এবং তাদের প্রভাবশালী তকমার জোর। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ‘বয়কট বলিউড’, ‘ডোন্ট ওয়াচ স্টার কিডস ফিল্ম’—এ জাতীয় স্লোগান ট্রেন্ডিং। অবসাদ না কাজের অভাব, দুইয়ের চাপেই কী মাত্র ৩৪-এ ফুরিয়ে গেলেন প্রতিভাবান অভিনেতা? এই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ থেকে অভিনেতার ফ্যানরা। কিন্তু তারই মাঝে আরও এবার বিতর্কে ঘি ঢাললেন সোনম কাপুর। বলিউডের তারকা অভিনেতা অনিল কাপুরের মেয়ে সোনম, নিজেও নায়িকা।
ইনস্টাগ্রামে একের পর এক হেট মেসেজ শেয়ার করে সোনমের নেপোটিজম প্রসঙ্গে তার সোজাসা্বা জবাব, ‘আমি আমার বাবার মেয়ে। আজ আমি বাবার জন্যই এখানে। হ্যাঁ, বাবার জন্যই আমি সুবিধা পাই। এটা কোনো অপমান নয়। আমার বাবা দিনরাত এক করে খেটেছেন।’ এখানেই শেষ নয়, সোনম আরও লিখেছেন, ‘এ আমার কর্মফল যে, এই রকম একটি পরিবারে আমি জন্মেছি। আমি সে জন্য গর্বিত।’
