বাঘের সাথে প্রায় আধা ঘণ্টা লড়াই করে সুন্দরবন থেকে প্রাণ নিয়ে ফিরলেন জেলে মাসুম হাওলাদার (৩০)। গতকাল বুধবার বিকেলে পূর্ব সুন্দরবনের ধানসাগর স্টেশনের তাম্বলবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে বিকেলে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত জেলে উপজেলার উত্তর রাজাপুর গ্রামের আ. জলিল হাওলাদারের ছেলে।
আহত জেলের সঙ্গী সহোদর জাহিদুল জানান, বনবিভাগের ধানসাগর স্টেশন থেকে বড়শি দিয়ে মাছ ধরার অনুমতি (পাস) নিয়ে সে ও তার ভাই মাসুম বনের তাম্বলবুনিয়া এলাকার খালে গতকাল বিকেলে জাল ফেলে মাছ ধরছিলেন। এ সময় হঠাত্ বনের ভেতর থেকে একটি বাঘ এসে মাসুমের ডান পায়ে আক্রমণ করে বনের মধ্যে নিয়ে যেতে থাকে। এ সময় বাঘের সঙ্গে তার ভাইয়ের ধস্তাধস্তি হয়। একপর্যায় তার ও ভাই মাসুমের চিত্কারে কাছাকাছি থাকা অন্য জেলেরা ছুটে এলে বাঘ মাসুমকে ছেড়ে বনে পালিয়ে যায়। এতে মাসুমের শরীরের বিভিন্ন স্থানে মারত্মক জখম হয়।
শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিত্সক ডা. রিপন নাথ জানান, মাসুমের শরীরের বিভিন্ন স্থানে বাঘের কামড় ও নখের আঁচরের ক্ষত হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত।
