জিডিপিতে স্টার্টআপের অবদান অব্যাহত রাখতে নীতি সহায়তার দাবি ভিসিপিয়াব’র

আপডেট : ২২ জুন ২০২০, ২০:৪৫

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

২০২০-২১ অর্থবছরের বাজেটে বাংলাদেশি স্টার্টআপকে প্রণোদনা ও নীতিগত সহায়তা প্রদানের দাবি জানিয়েছে ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভিসিপিয়াব)। স্থানীয় ভেঞ্চার ক্যাপিটাল এবং স্টার্টআপ ইকোসিস্টেম উন্নয়নে কাজ করা সংগঠনটি অর্থমন্ত্রী মুস্তফা কামাল প্রস্তাবিত ২০২০-২১ সালের জাতীয় বাজেট নিয়ে এক ভার্চুয়াল গোলটেবিল বৈঠকের আয়োজন করে। ‘জিডিপিতে স্টার্টআপের অবদান বিষয়ক বাজেট আলোচনা’ শীর্ষক বৈঠকটি গত বৃহস্পতিবার ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ)-এরসঙ্গে যৌথভাবে আয়োজন করে সংগঠনটি। বৈঠকের সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভিসিপিয়াব চেয়ারম্যান শামীম আহসান।

অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘কোভিড-১৯-এর ফলে আমাদেরকে প্রযুক্তি গ্রহণের দিকে নজর দিতে হচ্ছে, যা তরুণ উদ্যোক্তাদের জন্য সম্ভাবনা তৈরি করছে। সরকার প্রয়োজনীয় উদ্যোগের মাধ্যমে এসব স্টার্টআপ গুলোকে সহায়তার জন্য প্রস্তুতি নিয়েছে। আমরা উদ্যাক্তাদের টিকে থাকা ও ব্যবসায় সহজ করতে প্রয়োজনীয় নীতিমালা তৈরিতে কাজ করবো।’

বিশেষ অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, সরকার দীর্ঘদিন ধরেই উদ্ভাবন এবং স্টার্টআপে নজর দিয়ে আসছে, কারণ সেটি আমাদের ‘সোনার বাংলা’র স্বপ্নকে বাস্তবায়ন করার অন্যতম পন্থা। আমরা আর্থিক সহায়তার মাধ্যমে ছোট-বড় সব ধরণের ব্যবসায়ের জন্য প্রণোদনা প্যাকেজ চালু করেছি।  স্টার্টআপ বাংলাদেশ তার অ্যাক্সেলারেটর প্রোগ্রাম এবং স্টার্টআপ ফান্ডের মাধ্যমে দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে সহায়তা করছে। আমরা আগামীতেও যাতে স্টার্টআপগুলো বেড়ে উঠতে পারে তার জন্য নীতিগত ও আর্থিক সহায়তা অব্যহত রাখবো।

এছাড়াও  বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান প্রফেসর ড. শিবলি রুবাইয়াত উল ইসলাম, এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম, সৈয়দ মজিবুল হক, প্রকল্প পরিচালক, আইডিয়া প্রকল্প; বিজিএমইএ সভাপতি রুবানা হক; বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবীর প্রমুখ।