স্পোর্টস রিপোর্টার
করোনার মহামারিতে নির্বাচন না করার পরামর্শ দিয়েছিল ফিফা। সেই সঙ্গে ফিফা জানতে চেয়েছিল নির্বাচনের ব্যাপারে বাফুফে কি করছে এবং কি উদ্যোগ নিয়েছে। সময় বেঁধে দিয়েছিল ২০ জুন পর্যন্ত। বাফুফে সময়ের মধ্যেই ফিফাকে জানিয়ে দিয়েছে তারা কি ধরনের প্রস্তুতি নিয়েছে এবং কবে নাগাদ নির্বাচন করতে চায়। বাফুফে জানিয়েছে পৃথিবী জুড়ে যে মহামারি চলছে বাংলাদেশও কোভিড-১৯ এ আক্রান্ত। প্রতিদিনই মৃত্যুর খবর আসছে।
এই অবস্থায় বাফুফে নির্বাচন আয়োজনের কোনো উদ্যোগ গ্রহণ করেনি। নির্বাচনের নতুন তারিখও ঘোষণা করা হয়নি। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, ২৮ ফেব্রুয়ারি বাফুফের সভায় ২০ এপ্রিল নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল। কিন্তু ফিফার চিঠি পেয়ে সেটি স্থগিত করা হয়।
তিনি বলেন, ‘আমরা ফিফাকে বলেছি তোমরা জানিয়েছ হেলথ অ্যান্ড স্যানিটারি বিষয়টি গ্রহণযোগ্য অবস্থায় না আসা পর্যন্ত বর্তমান কমিটি দায়িত্ব পালন করবে। পরিস্থিতির উন্নতি হলেই দ্রুত নির্বাচন সম্পন্ন করতে হবে। আমরা সেভাবেই কাজ করছি।’
বাফুফে সাধারণ সম্পাদক আরো বলেন, ‘করোনা পরিস্থিতি উন্নতির পথে গেলে আমরা আমাদের সরকারের সঙ্গেও কথা বলব। তার আগে বাফুফের মিটিং হবে। কি সিদ্ধান্ত হয় সব কিছু মিলিয়ে আমরা ফিফাকে জানাবো।’ বাফুফের নির্বাচন কেন্দ্র করে ফুটবল অঙ্গনে উত্তপ্ত হাওয়া বইছে। ফিফার কাছে নানা অভিযোগ পাঠানো হচ্ছে বলে জানা গেছে। অনিয়মের কথা জানিয়ে ফিফার কাছে অভিযোগ পাঠানো নিয়ে ভিডিও অনলাইনে বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী কথা বলেন। তিনি বলেন, ‘সম্প্রতি একটা বিশেষ গোষ্ঠী বলেছে করোনাকালীন পরিস্থিতিতে তড়িঘড়ি করে বাফুফে নির্বাচন করতে চায়, যা অপপ্রচার, ভিত্তিহীন বানোয়াট। দেশের সার্বিক পরিবেশ পরিস্থিতি পর্যালোচনা করত ইতিপূর্বে নির্বাচন স্থগিত করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অদ্যাবধি সেই সিদ্ধান্তে বাফুফের অবস্থান।’
এসব কথার সমালোচনা করে বাফুফে বিরোধী শিবিরের পক্ষ হতে বলা হয়েছে উদর পিন্ডি বুদোর ঘাড়ে চাপানোর চেষ্টা করা হচ্ছে। বাফুফে তড়িঘড়ি করে নির্বাচন সম্পন্ন করতে চেয়েছিল। ফিফার চিঠি পেয়ে সুর বদল করেছে।
