অপেক্ষা বাড়ল লিভারপুলের

আপডেট : ২২ জুন ২০২০, ২০:৫৮

এভারটনের সঙ্গে ড্র

স্পোর্টস ডেস্ক

ফেরার ম্যাচে লিভারপুল গোলশূন্য ড্র করেছে নগর প্রতিদ্বন্দ্বী এভারটনের সঙ্গে। এতে করে লিগ জয়ের অপেক্ষাটা আরো বাড়ল তাদের। তবে হারও সঙ্গী হতে পারত তাদের, হয়নি গোলরক্ষক এলিসন বেকারের কল্যাণে। তাই কোচ য়ুর্গেন ক্লপের অকুণ্ঠ প্রশংসাই পেয়েছেন ব্রাজিলীয় এই গোলরক্ষক।

রবিবার রাতের গুডিসন পার্কে ম্যাচের দখল লিভারপুলের হাতে ছিল শুরু থেকেই।             তবে প্রতি আক্রমণে ত্রাস ছড়াচ্ছিল স্বাগতিক এভারটন। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের অন্তিম সময়ে মোক্ষম সুযোগই এসেছিল তাদের কাছে। ক্লেভার্ট লুয়িনের শট   ঠেকিয়ে দলকে ম্যাচে রাখেন এলিসন, ফিরতি চেষ্টায় টম ডেভিসের শট লাগে দূরের পোস্টে। এর আগে এভারটনের গোটা চারেক সুযোগ এলিসন নস্যাত্ করলে লিভারপুল অন্তত এক পয়েন্ট নিয়ে ফিরতে পারে।

ম্যাচশেষে কোচ ক্লপের প্রতিক্রিয়ার সিংহভাগ জুড়ে তাই ছিলেন এলিসনই। জার্মান কোচের ভাষ্য : ‘আজকের নৈপুণ্য তার ব্যাপারে অনেক কিছু প্রমাণ করে। সে অসাধারণ, তাকে হালকাভাবে দেখা উচিত হবে না মোটেও। একজন বিশ্বমানের গোলরক্ষকের কাজটাই করেছে সে।’ পুরো ম্যাচে নিয়ন্ত্রণ নিজেদের কাছে থাকলেও গোলের তেমন সুযোগই সৃষ্টি করতে পারেনি অল রেডরা। কোচ ক্লপ বললেন, ‘আজকে যেমন খেলেছি সেটা গড়পড়তা মানের ছিল। এর চেয়ে অনেক ভালো খেলার সামর্থ্য দলের আছে। রক্ষণে সমস্যা ছিল আমাদের। আক্রমণে আরো সুযোগ সৃষ্টি করতে হবে আমাদের।’

ম্যাচের বড়ো সুযোগগুলো এভারটনই সৃষ্টি করেছিল, ব্যাপারটা মেনে নেন ক্লপ, ‘বড়ো সুযোগগুলো এভারটনই পেয়েছিল, তা মানছি। তারা আমাদের কাজটা কঠিন করে তোলার জন্যে সচেষ্ট ছিল। আমি মনে করি, তাদের যে মান তাতে আমাদের হারিয়ে দিলেও অবাক হওয়ার কিছুই থাকতো না!’ তবে তিনি মনে করেন ড্র-টাই ম্যাচের ন্যায্য ফলাফল ছিল। তিনি বলেন, ‘তবে আমরা যোগ্য দল হিসেবেই একটা পয়েন্ট পেয়েছি। শুরু থেকে বেশ তীব্রতা নিয়ে খেলছিলাম আমরা, তবে ছন্দটা মোটেও আমাদের মতো হয়নি আজ।’

এই ড্রয়ের ফলে শিরোপা জয় থেকে পাঁচ পয়েন্টের দূরত্বে আছে লিভারপুল। তবে ম্যানসিটি গত রাতে বার্নলির বিপক্ষে পয়েন্ট হারালে আগামী ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জিতেই শিরোপা ঘরে তুলতে পারবে লিভারপুল। আর না হয় এর পরের ম্যাচে ম্যানচেস্টার সিটিকে হারিয়েই শিরোপা জিততে হবে তাদের।