আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও, রঞ্জি ট্রফির কিংবদন্তি তিনি। মাঠের লড়াই শেষে দীর্ঘদিন ধরে লড়ছিলেন নানা রোগের সঙ্গে। সেই লম্বা যুদ্ধ শেষে ৭৭ বছর বয়সে মারা গেছেন রাজিন্দর গোয়েল। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫৭ ম্যাচ খেলে ৭৫০ উইকেট নিয়েছেন গোয়েল। পাঁচ উইকেট নিয়েছেন ৫৯ বার, ম্যাচে ১০ উইকেট ১৮ বার। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারেননি বিষেন সিং বেদি খেলছিলেন বলে। বেদি নিজেই বলছেন, গোয়েল ছিলেন দুর্ভাগা, ‘ভারতের হয়ে আমার যখন অভিষেক, সত্যি বলতে, তিনি আমার চেয়ে অনেক ভালো বোলার ছিলেন। আমি কেবল ভাগ্যবান বলে সুযোগটি পেয়েছিলাম। এমনকি ১৯৭৪-৭৫ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শৃঙ্খলাজনিত কারণে আমি যখন দলের বাইরে, তখনো তাকে খেলায়নি। তাকে সুযোগ দিলে হয় তো আমরা জিততাম।’
