করোনাভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকায় রেড জোন হিসাবে চিহ্নিত করে খুলনা মহানগরীর ১৭ ও ২৪ নম্বর ওয়ার্ড ও জেলার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়ন লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৫ জুন রাত থেকে এ লকডাউন কার্যকর করা হবে। আগামী ১৬ জুলাই পর্যন্ত এই লকডাউন কার্যকর থাকবে।
গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত খুলনা জেলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
সভায় জানানো হয়, খুলনা সিটি করপরেশনের ১৭ ও ২৪ নম্বর ওয়ার্ড এবং রূপসার আইচগাতি ইউনিয়নে অধিকমাত্রায় করোনাভাইসে আক্রান্ত শনাক্ত হওয়ায় এই তিনটি এলাকা রেড জোনের আওতায় নিয়ে লকডাউন করা হবে। ১৬ জুলাই পর্যন্ত এই লকডাউন কার্যকর থাকবে। লকডাউন শুরুর আগে এই তিন এলাকায় মাইকিং করে জনসাধারণকে জানানো হবে। এছাড়া বর্তমানে খুলনা জেলায় শপিংমলসহ দোকানপাট ২৫ জুন পর্যন্ত থাকবে। আগামী ২৬ জুন থেকে সপ্তাহে রবি, সোম ও মঙ্গলবার তিনদিন বিকাল পাঁচটা পর্যন্ত শপিংমল ও দোকানপাট খোলা রাখা যাবে।
সভায় খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, খুলনা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. রাশেদা সুলতানা, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসালম, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সী মো. রেজা সেকেন্দার, খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ, খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমআর
