দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের অন্তত ১০ হাজার শিক্ষককে বিনামূল্যে অনলাইনে ক্লাস নেওয়ার পদ্ধতিগত ও প্রযুক্তিগত প্রশিক্ষণ দেওয়ার কার্যক্রম হাতে নিয়েছে কোডার্স ট্রাস্ট। প্রযুক্তি প্রশিক্ষণ ও জ্ঞান বিতরণে আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি তাদের ঢাকাস্থ সদর দফতর ও অন্যান্য প্রশিক্ষণ কেন্দ্র থেকে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে। প্রশিক্ষণ দেওয়া হবে সম্পূর্ণ অনলাইনে। প্রশিক্ষণার্থী ১০ হাজার শিক্ষক এরই মধ্যে তাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন।
এরই উদ্বোধনী হয়ে গেলো শনিবার (২০ জুন)। এক ওয়েবিনারের মাধ্যমে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবদুল করিম, সাবেক শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ। যুক্তরাষ্ট্র থেকে যোগ দেন কোডার্স ট্রাস্টের কো-ফাউন্ডার ও ইউটিসি অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা আজিজ আহমদ। এছাড়াও ছিলেন, কোডার্স ট্রাস্ট বাংলাদেশ’র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) আবদুল হালিম, শিক্ষাডটকম এর সম্পাদক সিদ্দিকুর রহমান খান এবং কোডার্সট্রাস্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আতাউল গনি ওসমানি।
শিক্ষাডটকম এই প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নে সহায়ক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। উদ্বোধনীর পরপরই শুরু হয় দিনের প্রশিক্ষণ কার্যক্রম।
উদ্বোধনী বক্তৃতায় শিক্ষামন্ত্রী বলেন, বৈশ্বিক সঙ্কটে আমাদের সকল ক্ষেত্রেই স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। আপদকালীন অবস্থায় আমরা কি করে শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে পারি, যাতে আমাদের শিক্ষার্থীরা পিছিয়ে না পড়ে সরকার সে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সকল সঙ্কট শুধুমাত্র সঙ্কট নয়, তার মধ্য দিয়েই কিছু সম্ভাবনার দিকও উন্মোচিত হয়, এমন মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এটাকে আমাদের কাজে লাগাতে হবে। আর তেমনই একটি উদ্যোগ এই প্রশিক্ষণ কর্মসূচি। এ জন্য আমি কোডার্স ট্রাস্ট ও শিক্ষাডটকমকে ধন্যবাদ জানাচ্ছি।
শিক্ষামন্ত্রী বলেন, অনলাইন শিক্ষা ব্যবস্থায় আমাদের এক সময় যেতেই হবে সে ভাবনা আমাদের ছিলো এবং সে লক্ষ্যে প্রস্তুতিও চলছিলো। বিশ্ব যতই চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে ততই আমাদের এসব বিশেষ দক্ষতা অর্জন জরুরি হয়ে পড়েছে। তবে হঠাৎ করে করোনা পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখতে হচ্ছে ফলে আগামী কয়েক বছরের মধ্যে যা আমরা করতে চেয়েছিলাম তা এখনি শুরু করতে হচ্ছে।
শিক্ষকরা যারা নিজেরা এমন প্রশিক্ষণের প্রয়োজন বোধ করে তা গ্রহণে আগ্রহ দেখিয়েছেন তাদের বিশেষ অভিনন্দন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমি আশা করি এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা অনলাইনে আরও ভালো করে পাঠদান করতে পারবে।
স্বাগত বক্তব্যে মানব সম্পদ বা মানব পূঁজি গঠনে দেশের শিক্ষা ব্যবস্থাকে সমৃদ্ধ করে তোলার কথা বলেন আজিজ আহমদ। তিনি বলেন, আমার বাবাও ছিলেন একজন স্কুল শিক্ষক। শিক্ষার উন্নয়নে যেখানে যতটুকু সুযোগ পাই করার চেষ্টা করে আসছি। কোভিড-১৯ এর বিদ্যমান পরিস্থিতিতে আমরা থেমে থাকতে পারিনা, এর মধ্যেই কিভাবে শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটাই আমাদের এই কর্মসূচির লক্ষ্য।
মো. ফসিউল্লাহ বলেন, অনলাইনের মাধ্যমে শিক্ষকদের জন্য এই প্রশিক্ষণের উদ্যোগ এ মূহুর্তে আমাদের জন্য খুব দরকারি ও খুবই ভালো উদ্যোগ। বিনামূল্যে এই প্রশিক্ষণ দিতে এগিয়ে আসার জন্য কোডার্সট্রাস্টকে ধন্যবাদ।
আবদুল করিম বলেন, এক সঙ্গে দশ হাজার শিক্ষককে প্রশিক্ষণের ব্যবস্থা করা একটি কঠিন কাজ। তবে প্রযুক্তির ব্যবহারে দেশের অগ্রগতির কারণেই এখন তা সম্ভব হচ্ছে। শিক্ষকদের আইটিভিত্তিক প্রশিক্ষণ দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, আশা করি কোডার্সট্রাস্টের এই প্রশিক্ষণ নিয়ে তারা এ বিষয়ে সে দক্ষতা অর্জন করবেন।
উদ্বোধনের পর প্রথম দিনেই তিনটি ব্যাচে ১৫০ জন শিক্ষক প্রশিক্ষণ নেন।
ইত্তেফাক/আরএ
