হরিঢালী-বালিয়া খেয়াঘাট সড়ক যেন খাল!

আপডেট : ২২ জুন ২০২০, ২১:৩৪

সব ধরনের যান চলাচল বন্ধ

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

এটা কোনো খাল বা নদীর অংশ নয়। জনসাধারণের যাতায়াতের অন্যতম রাস্তা। পাকাকরণের জন্য মাটি কেটে খালের আকৃতি করে মাসের পর মাস ফেলে রাখা হয়েছে। রাস্তা পারাপারের জন্য যেখানে-সেখানে বাঁশ বা কাঠ দিয়ে বানানো হয়েছে সাঁকো। সব ধরনের যান চলাচল বন্ধ। ফলে জনদুর্ভোগ চরমে। রাস্তাটি খুলনার পাইকগাছার হরিঢালী ইউনিয়নের আওতাধীন।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার দক্ষিণ হরিঢালী থেকে গোয়ালডাঙ্গা বালিয়া খেয়াঘাট পর্যন্ত প্রধান সড়কটির মাটি কেটে খাল আকৃতি করে রাখা হয়েছে। রাস্তাটি পাকা করার জন্য মাটি কেটে রাস্তার দুই ধারে জমাট করে রাখা আছে। অনেকগুলো বড়ো গাছ কেটে ফেলে রাখা হয়েছে। এদিকে অতি বর্ষার কারণে পানি জমে আছে রাস্তা জুড়ে। স্থানীয়রা রাস্তা পারাপারে ব্যবহার করছে বাঁশ বা কাঠের সাঁকো।

স্থানীয় ইউপি সদস্য শেখ হবিবুর রহমান হবি বলেন, ৪ কিলোমিটার রাস্তা তিন/চার মাস ধরে মাটি খুঁড়ে রাখার কারণে হাজার হাজার লোক চরম দুর্ভোগে রয়েছে। স্থানীয় বাসিন্দা রুহুল আমিন গাজী জানান, চার/পাঁচ মাস যাবত্ মাটি কেটে রাস্তাটি খাল করে রাখার কারণে আমরা চরম দুর্ভোগে আছি। গৃহিণী নারগিস জানান, ছোটো ছেলেমেয়েদের নিয়ে খুব অসুবিধার মধ্যে রয়েছি। সরু রাস্তা বা বাগান দিয়ে চলতে হচ্ছে। এ বিষয় উপজেলা প্রকৌশলী আবু সাঈদ এবং হরিঢালী ইউনিয়নের চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজু ইত্তেফাককে বলেন, চলমান বৃষ্টির জন্য কাজ করতে দেরি হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুলিয়া সুকায়না বলেন, হরিঢালী ইউনিয়নের ঐ রাস্তার ব্যাপারে আমি জানতে পেরেছি, কি জন্য কাজ বন্ধ তা খতিয়ে দেখা হবে। অতিদ্রুত রাস্তাটির কাজ সম্পন্ন করে জনদুর্ভোগ লাঘবে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।