মনপুরায় দুই বড়ো জেনারেটর নষ্ট

আপডেট : ২২ জুন ২০২০, ২১:৩৫

দুর্ভোগে আট শতাধিক গ্রাহক

মনপুরা (ভোলা) সংবাদদাতা

মনপুরায় ২৮ দিন ধরে চলছে বিদ্যুত্ সমস্যা। বড়ো দুটি জেনারেটর একসঙ্গে নষ্ট হয়ে যাওয়ায় উপজেলার আট শতাধিক গ্রাহক এই ভোগান্তিতে পড়েছেন। দ্রুত সমস্যা সমাধান করে ভোগান্তি লাঘবের দাবি স্থানীয়দের। উপকূল ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির আওতায় ১৯৯১ সালে উপজেলায় ৪০০ কিলোওয়াটের দুটি জেনারেটর দেওয়া হয়। তখন থেকে উপজেলা পরিষদ এলাকা, উপজেলা শহরের বাজারসহ অল্প কিছু সংখ্যক গ্রাহকের মধ্যে বিদ্যুত্ সরবরাহ করা হতো। পরে এক মেগাওয়াটের একটি এবং ৫০০ কিলোওয়াটের আরো একটি জেনারেটর সংযুক্ত হলে মনপুরায় বিদ্যুতের গ্রাহক সংখ্যাও বাড়তে থাকে। কিন্তু গত ২৬ মে বড়ো জেনারেটর দুটি নষ্ট হয়ে যাওয়ায় উপজেলার গ্রাহকরা বর্তমানে দুর্ভোগের শিকার হচ্ছেন। তবে পুরোনো ছোটো দুটি জেনারেটরে বিদ্যুত্ সরবরাহের চেষ্টা করলেও ঐ বিদ্যুত্ গ্রাহকের তেমন কোনো উপকারে আসছে না। কারণ একটি লাইনে সন্ধ্যা থেকে রাত ১০টা এবং অন্য লাইনে রাত ১০টা থেকে রাত দুইটা পর্যন্ত বিদ্যুত্ সরবরাহ করা হলেও এই সময়ের মধ্যে কয়েকবার লোডশেডিং হয়। আর ছোটো জেনারেটর দিয়ে সরবরাহ করা এই বিদ্যুতে বাতি মিটিমিটি করে জ্বলে। ফ্যান, টিভি, ফ্রিজ,  মোটরসহ বিদ্যুত্চালিত কোনো কিছুই চালানো যাচ্ছে না। ফলে অল্প কিছু সময় মোটামুটি আলোকিত থাকলেও বাকিটা সময় অন্ধকারেই কাটাতে বাধ্য হচ্ছেন গ্রাহকরা।

বিদ্যুতের মনপুরা উপজেলা আবাসিক প্রকৌশলী মো. নুরুল ইসলাম বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে অ্যাসেম্বলির কাজ চলছে। জনবল আরো আসবে। চলতি মাসের মধ্যেই সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।