বরিশালে প্রথম ধাপে দু’টি ওয়ার্ড লকডাউন হচ্ছে আজ

আপডেট : ২২ জুন ২০২০, ২১:৩৬

বরিশাল অফিস

স্বাস্থ্য অধিদপ্তরের জোনিং তালিকায় বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ডের মধ্যে ২৭টি রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। জোনিং করার এক সপ্তাহ পর প্রথম ধাপে আজ মঙ্গলবার থেকে পরীক্ষামূলকভাবে ১২ ও ২৪ নম্বর ওয়ার্ড লকডাউন করা হচ্ছে। এই দুই ওয়ার্ডে ২১ দিনের জন্য লকডাউন ঘোষণার মাইকিং করা হয়েছে সোমবার।

নগরীর ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জাকির হোসেন ভুলু জানান, তার ওয়ার্ডে লকডাউন কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য ২০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তাদের সহযোগিতায় ২০০ স্বেচ্ছাসেবক ২১ দিনের লকডাউন কার্যকরে সচেষ্ট থাকবে।

অপর দিকে নগরীর ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিস শরীফ জানান, ২৪ নম্বর ওয়ার্ডে লকডাউন কার্যকরে সাত সদস্যের কমিটি গঠন করেছেন তারা। তাদের সহায়তায় ২৫০ স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। এর আগে গত ১৮ জুন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ প্রাথমিকভাবে ঐ দুটি ওয়ার্ড লকডাউনের সিদ্ধান্ত নেন। পরে ভার্চুয়াল বৈঠকে বিভাগীয় কমিশনার, মেট্রোপলিটন পুুলিশ কমিশনার, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জন, সেনাবাহিনী, র্যাব ও গোয়েন্দা সংস্থার সঙ্গে আলোচনা করে লকডাউনের সিদ্ধান্ত নেন। বরিশাল জেলা ও মহানগরীতে এ পর্যন্ত ১ হাজার ২২২ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে বরিশাল নগরীতে রয়েছে ৯২৭ জন।