কমলগঞ্জে অবাধে কাটা হচ্ছে টিলা !

আপডেট : ২২ জুন ২০২০, ২১:৩৯

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

বাড়িঘর ও কৃষিজমি তৈরির জন্য কাটা হচ্ছে টিলা। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মধ্য কালাছড়া, সরইবাড়ি ও বাদে উবাহাটা গ্রামে লাল মাটির টিলা কেটে বসতি স্থাপন, মাটি বিক্রি, কৃষিজমি তৈরির হিড়িক পড়েছে। বনের টিলা ঘেঁষা ব্যক্তিগত এসব পাহাড়ি টিলা কেটে নিশ্চিহ্ন করছেন স্থানীয়রা। নিজস্ব সম্পত্তি থাকায় অনুমতির তোয়াক্কা না করেই বন্যপ্রাণী এলাকা সংলগ্ন এসব প্রাকৃতিক টিলা অবাধে কাটা হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, লাউয়াছড়া বনের পার্শ্ববর্তী কমলগঞ্জ সদর ইউনিয়নের পাহাড়ি অঞ্চলের বাদে উবাহাটা, সরইবাড়ি, মধ্য কালাছড়া, বড়চেগ এলাকায় প্রাকৃতিক টিলা কাটা হচ্ছে। বনের পার্শ্ববর্তী টিলা থাকায় এসব এলাকায় বন্যপ্রাণীর চলাচল ও খাবার সংগ্রহে বিচরণ করে। পাহাড়ি দুর্গম এলাকা থাকায় স্থানীয়রা এসব উঁচু উঁচু টিলা কেটে বাড়িঘর নির্মাণ, মাটি বিক্রি, কৃষিজমি তৈরি ও মাটি দিয়ে পুকুর ভরাট করছেন।

এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক বলেন, সংবাদ পেয়ে ভূমি অফিসের সার্বেয়ার ও ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদারসহ লোকদের পাঠানো হয়েছে। তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।