স্টাফ রিপোর্টার, বগুড়া
কোভিড-১৯-এ আক্রান্তের পর সুস্থ হয়েছেন মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিত্সা কর্মকর্তা (আরএমও) ডা.শফিক আমিন কাজল। সোমবার তিনি তার কর্মস্থলে যোগ দিয়েছেন। এর আগে রবিবার দ্বিতীয় দফা নমুনা পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ এসেছে। ১৪ জুন থেকে কোভিড পজিটিভ শনাক্ত হয়ে তিনি হাসপাতালের আইসোলেশনে চিকিত্সাধীন ছিলেন।
ডা.শফিক আমিন কাজল বলেন, ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল প্রশিক্ষণ নিয়েছি। যখনই কোথাও আটকে যাই, তখনই প্রফেসর এ বি এম আবদুল্লাহ স্যারদের মতো অভিজ্ঞ চিকিত্সকের পরামর্শ নিই। নিজের জীবন নিয়ে ভয় করি না। এখন যুদ্ধ একটাই, করোনা মহামারি থেকে মানুষকে বাঁচাতে হবে। করোনার বিরুদ্ধে এ লড়াইয়ে জিততেই হবে।
