সংবাদ সংক্ষেপ

আপডেট : ২২ জুন ২০২০, ২১:৪১

ব্যবসায়ীদের মধ্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা ডিমলায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে ফেইসবুক গ্রুপ ‘হামার ডিমলা’ এর পক্ষ থেকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে সোমবার। ডিমলা উপজেলা সদরের বাবুরহাট বাজারের ব্যবসায়ী ও ব্যবসা সহকারীদের মধ্যে ফেইসবুক গ্রুপ ‘হামার ডিমলা’ এর আয়োজনে গ্রুপের অন্যতম সদস্য ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের ব্যক্তিগত সহকারী সাইয়েন কাদির কাননের অর্থায়নে এগুলো বিতরণ করা হয়। এ সময় নীলফামারী জেলা ছাত্রলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক চয়ন সরকার, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু সায়েম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলে নিবন্ধন হালনাগাদ কার্যক্রম

বেতাগী (বরগুনা) সংবাদদাতা বেতাগী পৌরসভায় জেলে নিবন্ধন হালনাগাদ কার্যক্রম উম্মুক্তভাবে বাছাই অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেতাগী পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে পৌর এলাকার জেলেদের বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন বেতাগী পৌরসভার মেয়র এ বি এম গোলাম কবির। উপজেলা মত্স্য বিভাগের আয়োজনে কমিটির সভপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজীব আহসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা খানম প্রমুখ।

পাটচাষিদের মধ্যে বিনা মূল্যে সার বিতরণ

কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর কাহারোলের আয়োজনে সোমবার পাট চাষিদের মধ্যে বিনা মূল্যে সার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে পাট অধিদপ্তরের বাস্তবায়নে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উত্পাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় নির্বাচিত পাট চাষিদের মধ্যে এই রাসায়নিক সার বিতরণ করা হয়। সার বিতরণ করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান।

কৃষকদের মধ্যে বিনা মূল্যে আউশ ধানের বীজ বিতরণ

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা রাণীনগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সোমবার বিনা মূল্যে আউশ ধানের উন্নতমানের বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণে উপজেলা কৃষি অফিসের আয়োজনে বায়ার ক্রপ সাইন্সের উদ্যোগে ও নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমের সার্বিক সহযোগিতায় এই ধান বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলামের সভাপতিত্বে বীজ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন।

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে চেক বিতরণ

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী লিটন এমপির নির্দেশনা অনুযায়ী শিবচর উপজেলার ১৯টি ইউনিয়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সবজি বীজ, জৈব-অজৈব সার ক্রয়, বেড়া দেওয়া ও পরিচর্যার জন্য অর্থের চেক বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদের সামনে উপজেলা কৃষি অফিসের আয়োজনে প্রতি ইউনিয়নের ৩২ জনসহ উপজেলার ৬০৮ জন কৃষকের মধ্যে এগুলো বিতরণ করা হয়। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপম রায়, মাদবরেরচর ইউপি চেয়ারম্যান চৌধুরী সুলতান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুদানের চেক ও নগদ টাকা বিতরণ

নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা নিয়ামতপুরে করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপির তহবিল থেকে বরাদ্দ অনুদানের চেক ও নগদ টাকা বিতরণ করা হয়েছে সোমবার। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি অডিও কলের মাধ্যমে এই চেক ও নগদ টাকা বিতরণের উদ্বোধন করেন। জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের মাধ্যমে এই চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ, নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম প্রমুখ।

প্রাণিসম্পদ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ওষুধ বিতরণ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা চৌদ্দগ্রাম উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের প্রাণিসম্পদ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে উপহার হিসেবে আর্সেনিক অ্যালবাম-৩০ নামের ওষুধ বিতরণ করা হয়েছে। সোমবার চৌদ্দগ্রাম বাজারের ইসলামী ব্যাংকের পাশে অবস্থিত কেয়া হোমিও হলের মালিক ডা. মো. বেলাল হোসেন এ ওষুধ বিতরণ করেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মজিবুর রহমানের কাছে ওষুধগুলো বিতরণের সময় উপস্থিত ছিলেন ভেটেনারি সার্জন ডা. শাহিন মিয়া, সম্প্রসারণ কর্মকর্তা রাশিদুল হক, এফ এ আই কাজল চক্রবর্তী ও উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মাওলানা আব্দুর রহিম।

অপ্রধান শস্য উত্পাদন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতায় দারিদ্র্য বিমোচনে পুষ্টিসমৃদ্ধ উচ্চমূল্যের অপ্রধান শস্য উত্পাদন ও বাজারজাতকরণ কর্মসূচির সুবিধাভোগী সদস্যদের নিয়ে শিবগঞ্জে চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আরিফা সুলতানার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া প্রমুখ।

তিন মুক্তিযোদ্ধার নামে ল্যাব ও পাঠাগার উদ্বোধন

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা স্বরূপকাঠির আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ে রবিবার বিকালে মুক্তিযুদ্ধকালীন কমান্ডার মরহুম নূর মোহাম্মদ হাওলাদার কম্পিউটার ল্যাব, প্রয়াত মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জাহীদ হোসেন সাইন্স ল্যাব ও প্রয়াত মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মজিবুর রহমান পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি কাজী আবুল বাশার মাহমুদ, প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন প্রমুখ।

 

 

০