ঢাকা-৫ আসনে উপনির্বাচন পহেলা নভেম্বরের মধ্যে

আপডেট : ২২ জুন ২০২০, ২২:০৪

ইসির গেজেট প্রকাশ

ইত্তেফাক রিপোর্ট

আসন শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের যে সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল তার মধ্যে হচ্ছে না ঢাকা-৫ আসনের উপনির্বাচন। করোনা ভাইরাসের কারণে যথাসময়ে নির্বাচন করতে পারছে না ইসি। গত ৬ মে রাজধানীর একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা। ফলে ঐদিন আসনটি শূন্য হয়েছে বলে এরই মধ্যে গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয়।

সংবিধানের বাধ্যবাধকতা অনুযায়ী আগামী ৩ আগস্টের মধ্যে এ আসনে ভোটগ্রহণ করার কথা। কিন্তু করোনার কারণে সব নির্বাচন স্থগিত রেখেছে ইসি। এক্ষেত্রে দৈব-দুর্বিপাকজনিত কারণে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করবে সংস্থাটি। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নির্দিষ্ট সময়ে ভোট করতে না পারলে এসব নির্বাচন নিয়েও সুপ্রিম কোর্টের ব্যাখ্যা নিতে হবে।