সম্প্রতি ভারতের সঙ্গে সীমান্তে সংঘর্ষে চীনের সেনাবাহিনীর কমান্ডিং অফিসার মারা গেছেন। গালওয়ান সংঘাতের প্রায় এক সপ্তাহ বাদে চীনা সেনাকর্তার মৃত্যুর খবর প্রকাশ্যে আনলো বেইজিং। সেই ঘটনার পর থেকে উত্তেজনা কমাতে সামরিক স্তরে আলোচনা করছে ইন্দো-চীন। এদিকে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেছেন।—খবর এনডিটিভির।
সেই আলোচনায় এই প্রসঙ্গ স্বীকার করে নিয়েছেন চীনের সামরিক বাহিনী। ১৫ জুনের সেই ঘটনার পর ভারতীয় তরফে বিবৃতি ছিল, গালওয়ান সংঘাতে ২০ জওয়ান নিহত হয়েছে। চীনের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
গতকাল লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ের বৈঠকে হতাহতের প্রসঙ্গ সামনে আনেন চীনা কর্মকর্তারা। জানা গেছে, সেই সংঘাতের জেরে ৭৬ জন ভারতীয় সেনা আহত হয়েছেন। তবে বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। গালওয়ানে ভারত ও চীনের মধ্যে মুখোমুখি সংঘর্ষসহ বিতর্কিত নানা বিষয় নিয়ে আলোচনা করতে ফের ভারত ও চীনের লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ের ঐ আলোচনা পূর্ব লাদাখের কাছে চীন সীমান্তের দিকে চুশুলের মোলদোয় অনুষ্ঠিত হওয়ার কথা। সেনাবাহিনী সূত্র জানিয়েছে, গালওয়ান এবং ফিঙ্গার্স এলাকা নিয়ে তো আলোচনা হবেই, সেই সঙ্গে অন্য সমস্ত ইস্যু নিয়েও আলোচনা করা হবে।
মোদির সমালোচনায় মনমোহন সিং
লাদাখ সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা নিহত হওয়ার ঘটনা নিয়ে গতকাল মুখ খুলেছেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। এক বিবৃতিতে তিনি বলেন, প্রধানমন্ত্রীকে সবসময়ই তিনি কী বলছেন সেই সম্পর্কে সচেতন থাকতে হবে। শুক্রবার সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি মন্তব্যে বিতর্কের সৃষ্টি হয়। সেই প্রসঙ্গেই দেশের সাবেক প্রধানমন্ত্রী আরো বলেন, কর্নেল বি সন্তোষ বাবু এবং আমাদের যেসব জওয়ানরা দেশের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে চূড়ান্ত ত্যাগ স্বীকার করেছেন, তারা যাতে ন্যায়বিচার পান তা প্রধানমন্ত্রী এবং তার সরকারকে অবশ্যই নিশ্চিত করতে হবে।
