সাত দিন বিরতির পর আজ বসছে সংসদের বৈঠক

আপডেট : ২২ জুন ২০২০, ২৩:৩৬

সাত দিন বিরতির পর চলমান সংসদের অষ্টম ও বাজেট অধিবেশনের বৈঠক বসছে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায়। গত ১৫ জুন সম্পূরক বিল পাশ হওয়ার পর ২৩ জুন সকাল পর্যন্ত সংসদের বৈঠক মুলতবি করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। নমুনা পরীক্ষায় ইতিমধ্যে যেসব সংসদ সদস্যের কোভিড-১৯-এর ফলাফল নেগেটিভ এসেছে কেবল তারাই অধিবেশনে অংশ নেবেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আজকের অধিবেশনে যেসব সংসদ সদস্য অংশ নেবেন, ইতিমধ্যে তাদের কারোনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। সংসদ ভবনের মেডিক্যাল সেন্টারে শনি ও রবিবার মোট ৬৫ জন এমপি নমুনা দিয়েছেন। পরীক্ষায় সবারই করোনা নেগেটিভ এসেছে। জানা গেছে, কোনো কোনো সংসদ সদস্য ব্যক্তিগত উদ্যোগে নমুনা পরীক্ষা করিয়েছেন। তাদের মধ্যে যাদের ফল নেগেটিভ এসেছে তারাও প্রয়োজনে সংসদে অংশ নিতে পারবেন।

সংসদের পরবর্তী কার্যদিবসগুলোতে অংশ নেবেন এমন এমপিদের নমুনা পরীক্ষা অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে গতকাল সোমবারও ২৬ জন নমুনা দিয়েছেন। আজ মঙ্গলবার তাদের রিপোর্ট জানা যাবে। পর্যায়ক্রমে ১৭০ জন এমপির নমুনা পরীক্ষার উদ্যোগ নিয়েছে সংসদ সচিবালয়।