করোনা ‘ছোঁয়াচে নয়’, বর্তমান পরিস্থিতিকে ‘মহামারি’ বলা যাবে না :ওলামা লীগ

আপডেট : ২৩ জুন ২০২০, ০০:১৯

করোনা ভাইরাস আদৌ ‘ছোঁয়াচে নয়’ এবং বর্তমান পরিস্থিতিকে ‘মহামারি’ বলা যাবে না বলে দাবি করেছে ওলামা লীগ নামের একটি সংগঠন। তাদের দাবি, করোনা ভাইরাসকে সংক্রমণ বা ছোঁয়াচে রোগ বলে বিশ্বাস করা ‘কুফরি ও শিরকি’।

গতকাল সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনটির শীর্ষ নেতারা এমন দাবি করেন। মানববন্ধনে ওলামা লীগের সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসান শেখ শরীয়তপুরী বলেন, ইসলামিক ফাউন্ডেশন করোনা ভাইরাসকে মহামারি বলেছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কারণ মহামারি হয় একটি নির্দিষ্ট এলাকায় আর করোনা ভাইরাসের সংক্রমণ হয়েছে সারা বিশ্বে। তিনি দাবি করেন, ঘণ্টায় কমপক্ষে ২০ হাজার লোক মারা গেলে তখন তাকে ‘ইসলামের দৃষ্টিতে’ মহামারি বলা যায়। তিনি আরো বলেন, বাংলাদেশে প্রতিদিন ৩০-৩৫ জনের মৃত্যু প্রমাণ করে না যে করোনা ভাইরাস মহামারি তৈরি করেছে।

এদিকে নামের শেষে লীগ শব্দটি থাকলেও এটা আওয়ামী লীগের অফিশিয়াল কোনো সহযোগী বা ভ্রাতৃপ্রতিম সংগঠন নয়। আওয়ামী লীগের নেতাদের দাবি, এই সংগঠনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক বা সংশ্লিষ্টতা নেই।