লক্ষ্মীপুরে পুলিশ-যুবলীগ সংঘর্ষ, আহত ১০

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ২২:৫২

লক্ষ্মীপুর সদর হাসপাতালে ঢুকে দেলোয়ার হোসেন নামে এক চিকিত্সারত যুবকের ওপর হামলার চেষ্টাকে কেন্দ্র করে পুলিশ ও যুবলীগ নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ পুলিশ ও এক সাংবাদিকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল বুধবার দুপুরে সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে।

হাসপাতাল, পুলিশ ও যুবলীগ সূত্রে জানা যায়, সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আঠিয়াতলী গ্রামের যুবক দেলোয়ার হোসেন স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহমানকে হত্যার চেষ্টা করে। ওই মামলায় মঙ্গলবার কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফিরেন দেলোয়ার। গতকাল সকালে সে একটি ছুরি নিয়ে আবারও আবদুর রহমানকে আক্রমণ করেন বলে অভিযোগ উঠে। পরে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীরা তাকে মারধর করে পুলিশে খবর দেয়। পুলিশ আহত দু’জনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে শহরের যুবলীগ নেতাকর্মীরা হাসপাতালে যান। এ সময় দেলোয়ারের ওপর হামলার চেষ্টা করেন তারা। পুলিশ বাধা দিলে একপর্যায়ে পুলিশের ওপর হামলা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় আহত হন পুলিশ কর্মকর্তা এস আই আবদুল আলীম, এ এস আই গিয়াস উদ্দিন, সাংবাদিক মীর ফরহাদ হোসেন সুমন, জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহউদ্দিন টিপু, জেলা পরিষদ সদস্য মাহবুবুর রহমানসহ ১০ জন।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে যুবলীগ নেতাকর্মীদের ১০টি  মোটরসাইকেল জব্দ করে নিয়ে যায় এবং  অভিযান চালিয়ে  সদর উপজেলা (পশ্চিম) যুবলীগের যুগ্ম-আহবায়ক ও জেলা পরিষদের সদস্য মাহাবুবুর রহমান, সদর পূর্ব যুবলীগের যুগ্ম-আহবায়ক রুপম হাওলাদারসহ ১০ জনকে আটক করে।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন বলেন, হাসপাতালে চিকিত্সাধীন একজনের ওপর হামলার চেষ্টা করে একটি গ্রুপ। এ সময় বাধা দিলে তারা পুলিশের ওপর হামলা চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে কয়েকজনকে আটক করে। এ ঘটনায় পুলিশেরও ৪ জন আহত হয়েছে।