রাজশাহীতে করোনার উপসর্গ নিয়ে একদিনে আরও চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজনই মারা গেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এবং একজন মারা গেছেন রাজশাহীর খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে।
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার (২২ জুন) দিনের বিভিন্ন সময় চারজনের মৃত্যুর হয়েছে। পরে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরা হলেন- নগরীর দরগাপাড়ার ইনতাজ আলী (৬৫), ছোটবনগ্রামের আমজাদ আলী (৭২) ও নওগাঁর ধামইরহাটের ইস্থান নিউজ (৪৫)। মিশন হাসপাতালে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও তার নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।
এর আগে রবিবার রাতে মাত্র দেড় ঘণ্টার ব্যবধানে করোনার উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে চিকিৎসাধীন তিনজনের মৃত্যু হয়েছে। এরা হলেন- নগরীর আলুপট্টির আহমেদ কুরিয়ার সার্ভিসের মালিক নবুয়াত আলী (৫০), নগরীর পবা নতুনপাড়ার মতিউর রহমান (৫৬), জেলার বাঘা উপজেলার মনিগ্রামের মো. সেন্টু (৪৮)। এ নিয়ে ২৪ ঘণ্টায় রাজশাহীতে করোনার উপসর্গে সাতজনের মৃত্যু হলো। এছাড়া রবিবার সকালে করোনার উপসর্গ নিয়ে নগরীর মহিষবাথান এলাকার আইজ উদ্দিনের (৭২) মৃত্যু হয়।
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানিয়েছেন, মৃত্যুর পর প্রত্যেকের নমুনা সংগ্রহ করা হয়েছে। তারা করোনায় আক্রান্ত ছিলেন কি না তা পরীক্ষার পর বলা যাবে। মৃত সবার মরদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনকে দায়িত্ব দেয়া হয়েছে।
ইত্তেফাক/এমআর
